রাজধানীর মিরপুরের শাহ আলী থানার গুদারঘাট এলাকায় চাঁদার টাকা না দেয়ায় পুলিশের আগুনে দগ্ধ চা-দোকানি বাবুল মাতব্বরকে (৫০) বাঁচানো গেল না।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের শত চেষ্টার পরও তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বাবুল মাতব্বরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাবুল গুদারাঘাট এলাকায় ফুটপাতে বসে চা বিক্রি করছিলেন। বুধবার রাত সাড়ে নয়টার দিকে ৩/৪ জন পুলিশ এসে ফুটপাতে বসার জন্য তার কাছে টাকা চান। টাকা দিতে না চাইলে তারা ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে তেলের চুলায় (স্টোভে) আঘাত করে। এ সময় স্টোভ বিস্ফোরিত হলে বাবুলের শরীরে আগুন ধরে যায়।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায়।
তারা জানান, হামলাকারী দেলোয়ার হোসেন নিজেকে শাহ আলী থানার পুলিশ কনস্টেবল পরিচয় দেন।
বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক জানান, বাবুলের অবস্থা শরীরের ৯৫ শতাংশ পুড়ে পুড়ে গিয়েছিল।






















