ফেনী প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলামকে কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষ সাংবাদিকরা। সাংবাদিক বখতিয়ার মুন্নার নেতৃত্বে এ হামলা চালানো হয়। রফিক ছাড়াও আরো চার জন আহত হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় সদর হাসপাতালে নেয়া হয়েছে।
সোমবার সন্ধ্যা সাড়ে ৮ টার দিকে ফেনী প্রেস ক্লাবের ভেতরেই তাকে কোপানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সাংবাদিকদের বিবদমান দুটো গ্রুপ একই জায়গায় একই স্থানে অনুষ্ঠানের ঘোষণা দেয়। এই নিয়ে বিরোধ বাধে। ফেনী প্রেস ক্লাবের নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই দু’ পক্ষের মধ্যে বিরোধ চলছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রফিকুলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রফিকুল ইসলাম বাংলাভিশন ও ঢাকা ট্রিবিউনের ফেনী প্রতিনিধি। হামলাকারী বখতিয়ার মুন্না সময় টিভির প্রতিনিধি।
























