২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

‘অবাধ-নিরপেক্ষ নির্বাচন করার স্বার্থে প্রশাসন সর্বাত্মক প্রচেষ্ঠা চালিয়ে যাবে’

গোলাপগঞ্জ (সিলেট)প্রতিনিধিঃ

গোলাপগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬ উপলক্ষে চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ আসনের সদস্যদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনের অধিনস্থ সরকারী ও বেসরকারী কর্মকর্তা-কর্মচারীরা জনগণের কাছে দায়বদ্ধ। নির্বাচনকে অবাধ ও নিরপেক্ষ করার স্বার্থে আমরা আমাদের সর্বশেষ প্রচেষ্ঠা চালিয়ে যাবো। ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনাকালে কোন ধরনের নৈরাজ্য সহ্য করা হবে না। নৈরাজ্যকারীদের সমোচিত দাঁত ভাঙা জবাব দিতে প্রশাসন প্রস্তুত। তিনি উপজেলা প্রশাসনকে নির্বাচনী বিধি ও আইন প্রয়োগের মাধ্যমে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখতে এবং বিভিন্ন প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কঠোর হস্তে দমনের নির্দেশ দেন।

সোমবার বেলা সাড়ে ১১টায় গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল খানের সভাপতিত্বে, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মুন্তাকিমের উপস্থাপনায় ও সাবেক ইউপি মেম্বার আব্দুল হাইয়ের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের পুলিশ সুপার নুরে আলম মিনা পিপিএম বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য ইতিমধ্যে ৬ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা নেয়া হয়েছে। পুলিশ, বিজিবি, র্যাব, আর্ম পুলিশ, আনসার ভিডিপির পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন নির্বাচন পরিচালনায় সহায়তা করবেন। তিনি জাল ভোট ঠেকানোর জন্য প্রার্থীদের এজেন্টদের সহায়তা কামনা করে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা বিধানের নিশ্চয়তা প্রদান করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম, জেলা আনসার কমান্ডেন্ট আশিষ ভট্টাচার্য, র্যাবের প্রতিনিধি এএসপি জিয়াউল ইসলাম, বিজিবি’র প্রতিনিধি সহকারী পরিচালক ছাইফুল ইসলাম, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলী, গোলাপগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী। মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশলাফুল আলম খান। সভায় অন্যান্যের মধ্যে বাঘা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী স্যায়িদ আহমদ সুহেদ, স্বতন্ত্র প্রার্থী কামরান আহমদ, আমুড়া ইউনিয়ন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মঈন উদ্দিন, জমিয়ত মনোনীত চেয়ারম্যান প্রার্থী এমাদুদ্দীন ছালিম, ভাদেশ্বর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রুমেল সিরাজ এছাড়া সংরক্ষিত আসন, সাধারণ আসনের সদস্য প্রার্থীগণ প্রাসঙ্গিক বিষয়ের উপর বক্তব্য রাখেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ