চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর পুরোদমে সচল হয়েছে।রোববার (২২ মে) সকাল থেকে আবার স্বাভাবিক অবস্থায় আসে বিমানবন্দরটি। ঢাকা থেকে ছেড়ে আসা ইউএস বাংলার একটি ফ্লাইট সকাল ৮টা ১১ মিনিটে অবতরণ করে। সকাল ৮টা ৫০ মিনিটে যাত্রী নিয়ে সেটি ঢাকার পথে রওনা দেয়।
এর আগে সকাল সাতটা থেকে ইমিগ্রেশনসহ বিমানবন্দরের সকল শাখায় কার্যক্রম শুরু হয়।
বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমাণ্ডার রিয়াজুল কবির বলেন, “সকাল থেকে আমাদের সব অপারেশনাল কার্যক্রম আবার শুরু হয়েছে।”
ঘূর্ণিঝড় রোয়ানু উপকূলের দিকে এগিয়ে আসায় শুক্রবার চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস কার্যক্রম বন্ধ হয়ে যায়। বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদপ্তর। এরই মধ্যে সিডিউল অনুযায়ী বেশ কয়েকটি ফ্লাইট চট্টগ্রাম ছেড়ে গেছে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন বিভাগের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজ উদ্দিন।
তিনি বলেন, ভোর পাঁচটা থেকে আমাদের অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। সকাল ৮টা ১১ মিনিটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম ফ্লাইট ল্যান্ড করে।
সকাল সাড়ে ১০টায় তিনি জানান, বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে পাঁচটি ফ্লাইট রানওয়েতে অবস্থান করছে। কিছুক্ষণের মধ্যে আরও দুটি ফ্লাইট অবতরণ করবে।
এর আগে শনিবার (২১ মে) সকাল সাড়ে ১০টা থেকে বিমান উঠানামা বন্ধ ঘোষণা করা হয়। তবে বন্ধ ঘোষণার আগেই আর্ন্তজাতিক রুটের পাঁচটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করতে সক্ষম হয়। এর বাইরে শনিবার আর্ন্তজাতিক রুটের আর কোন ফ্লাইটের শিডিউল চট্টগ্রাম থেকে ছিলনা। তবে অভ্যন্তরীণ রুটের কোন ফ্লাইট চট্টগ্রামের উঠানামা করতে পারেনি।
শনিবার সকাল থেকে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া শুরু হলে সকাল সাড়ে ১০টা থেকে শাহ আমানত বিমানবন্দরের সব অপারেশনাল কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়।
শনিবার দুপুরে রোয়ানু চট্টগ্রাম উপকূল অতিক্রম করে বিকাল নাগাদ বাংলাদেশ পেরিয়ে যায়। এরই মধ্যে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়ে এই ঘূর্ণিঝড়, পরিণত হয় স্থল নিম্নচাপে।
এরই মধ্যে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে উপকূলীয় সাত জেলায় ২৪ জনের মৃত্যু হয়। এর মধ্যে কেবর চট্টগ্রামেই মারা যান ১২ জন।
রোয়ানুর আঘাতে নগরীর বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে চার উপজেলায় ১৫০ কোটি টাকার ফসল এবং মৎস্য ও পশুসম্পদের ক্ষতি হয়েছে বলে জেলা প্রশাসনের ভাষ্য।






















