বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ চট্টগ্রাম এলাকার ওপর দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করার পর বৃষ্টি ঝরিয়ে ক্রমশ দুর্বল হয়ে পড়েছে। এটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে ভারতের ত্রিপুরা ও মিজোরামের দিকে চলে যায়। আর অতিক্রমের মধ্য দিয়ে উপকূলীয় জেলাগুলোয় ২৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ঝড়। এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাস ও জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। বিধ্বস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর। প্রতিনিধিদের পাঠানো খবর—
চট্টগ্রামঃ ঘূর্ণিঝড়ের আঘাতে চট্টগ্রামের উপকূলীয় উপজেলা বাঁশখালীতে সাতজন, সীতাকুণ্ডে দুই, নগরীর হালি শহরে দুই ও পাঁচলাইশে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে।
সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর ইউনিয়নে জঙ্গল ছলিমপুর গ্রামে ঝড়ে গাছের চাপায় ঘরের চাল ভেঙে মা ও শিশু নিহত হয়েছে। শনিবার ভোরে উপজেলার ছলিমপুর গ্রামে লোকমানিয়াঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মায়ের নাম কাজল বেগম (৪৮)। ছেলের নাম মো. বেলাল হোসেন (১০)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, নগরীর পাঁচলাইশ থানাধীন ষোলশহর এলাকায় শনিবার বেলা পৌনে ১টার দিকে ঝোড়ো বাতাসের ফলে সৃষ্ট ঝড়ে ইটের আঘাতে পথশিশু রাকিবের (১১) মৃত্যু হয়েছে।
এদিকে বাঁশখালী উপজেলার খানখানাবাদ ছাড়াও রাউজান ও রাঙ্গুনিয়ার বেশকিছু গ্রাম প্লাবিত হয়েছে। আনোয়ারা উপজেলার বেড়িবাঁধ ভেঙে গহিরা, দক্ষিণ সারেঙ্গা, লামার বাজার, গোদারগোড়ার বেশকিছু এলাকা এবং ঘরবাড়ি প্লাবিত হয়েছে। ফকিরহাট এলাকায় ২০-২৫টি ঘরবাড়ি পানিতে ভেসে গেছে। বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকা আনোয়ারা উপজেলার বার আউলিয়া, চীপাতলী ও উঠান মাঝির ঘাট এলাকা সমুদ্রের পানিতে প্লাবিত হয়েছে।
কক্সবাজার: কুতুবদিয়ায় গাছচাপা পড়ে ও মাটির ঘর ভেঙে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন— উপজেলার উত্তর ধুরং ইউনিয়নের আবদুর রহিমের ছেলে মো. ইকবাল এবং একই ইউনিয়নের মাস্টার ফয়জুর রহমানের ছেলে ফজলুল হক।
এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে জেলার ১১টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। লণ্ডভণ্ড হয়ে গেছে সেখানকার ঘরবাড়ি। জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, রোয়ানুর প্রভাবে সাগরের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ছয়-সাত ফুট বৃদ্ধি পেয়ে উপকূলে আঘাত হেনেছে। এতে বেড়িবাঁধ ভেঙে কুতুবদিয়ার চারটি, মহেশখালীর তিনটি, টেকনাফের একটি, পেকুয়ার তিনটি ইউনিয়ন লণ্ডভণ্ড হয়েছে। এছাড়া কক্সবাজার পৌরসভার নাজিরারটেকসহ বিভিন্ন এলাকার কয়েক হাজার ঘরবাড়ি প্লাবিত হয়েছে। এসব এলাকার অন্তত ৭০ হাজার মানুষকে ১২৭টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

নোয়াখালী: রোয়ানুর প্রভাবে জোয়ারের পানির তোড়ে হাতিয়ায় মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, হাতিয়ার চানন্দি ইউনিয়নের আদর্শ গ্রামের মিনারা বেগম (৩৫) ও ১০ বছরের মেয়ে মরিয়মনেছা এবং জাহাজমার ইউনিয়নের রিপুলা বেগম (৪৭)।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মো. মইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেলে জোয়ারের পানি আসতে দেখে আসবাবপত্র রক্ষা করার জন্য তারা ঘরের ভেতরে প্রবেশ করে তারা। পরে তারা আর ঘরের ভিতর থেকে বের হননি।
ভোলা: প্রচণ্ড ঝড়ো হাওয়ায় তজমুদ্দিনে গাছ ও ঘরচাপা পড়ে দুজন নিহত হয়েছেন। তারা হলেন— উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশিগঞ্জ গ্রামের নয়নের স্ত্রী রেখা বেগম ও মফিজের ছেলে আকরাম। এছাড়া আহত হয়েছে শতাধিক মানুষ। ভোলা জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া সদর উপজেলার ইলিশা ইউনিয়নে মেঘনার ভাঙনকবলিত এলাকা সংস্কারে পানি উন্নয়ন বোর্ডের কাজে নিয়োজিত বালিবোঝাই দুটি কার্গো জাহাজডুবির ঘটনায় চারজন নিখোঁজ রয়েছে। ভোলা সদর মডেল থানার ওসি খাইরুল কবির জানান, গতকার ভোরের দিকে কার্গো জাহাজ দুটি তীরে নোঙর করা অবস্থায় ডুবে যায়। এ সময় জাহাজে থাকা সাতজনের মধ্যে তিনজন সাঁতরে উঠতে পারলেও বাকি চারজন এখনো নিখোঁজ রয়েছেন।
এদিকে রোয়ানুর আঘাতে ভোলায় ব্যবসাপ্রতিষ্ঠানসহ তিন শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। জোয়ারের পানিতে ভেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত সাতটি গ্রাম। ভোলা-তজমুদ্দিন-চরফ্যাশন সড়কের ওপর বিভিন্ন গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
পটুয়াখালী : ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় প্রবল ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বর্ষণ হচ্ছে। এতে পটুয়াখালীর দশমিনায় ঘর চাপায় নয়া বিবি (৫২) নামে এক বৃদ্ধা মারা গেছেন। শনিবার সকালে দশমিনার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
লক্ষ্মীপুর: ঝড়ো হাওয়ায় গাছ উপড়ে লক্ষ্মীপুর সদর উপজেলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন। উপজেলার উত্তর তোওয়ারিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক সাজ্জাদুর হাসান। নিহত আনোয়ার উল্লাহ ওই এলাকার বশির উল্লাহর ছেলে।
ফেনী: ঝড়ের সময় জলোচ্ছ্বাসে ফেনীর সোনাগাজীর চরচান্দিয়া এলাকায় নুরুল আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় পানির তোড়ে নিখোঁজ হয়েছেন আরো দুজন। সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফা হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের পারিবারিক সূত্র জানায়, গতকাল বেলা ১টা থেকে ২টা পর্যন্ত বৃষ্টি ও তীব্র বাতাসের সময় চর এলাকা থেকে মহিষ আনতে গিয়ে বানের পানিতে পড়ে নিহত হন নুরুল আলম।
এ সময় চর এলাকার জলোচ্ছ্বাসের পানি কোনো কোনো এলাকায় তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত বৃদ্ধি পায়। পানিতে জেলেপাড়া, চরখোন্দকার, চরদরবেশ, দক্ষিণ চরচান্দিয়া এলাকার বাড়িঘর ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যায়।




















