দীপন হত্যার ঘটনায় ফেনী থেকে মাদ্রাসা শিক্ষক আটক

আর্থনিউজ২৪: প্রকাশক ফয়সল আরেফিন  দীপন হত্যার ঘটনায় ফেনী থেকে মাদ্রাসা শিক্ষক মুফতি জাহিদ হাসান মারুফকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার ভোরে ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর তারাকুচা গ্রাম থেকে তাকে আটক করা হয়।

তবে তার আটকের বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এখনো মুখ খোলেনি।

ফুলগাজী থানা পুলিশের একটি সূত্র জানায়, মুফতি জাহিদ হাসান মারুফকে রাজধানীর আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনের প্রকাশক দীপন হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে গোয়েন্দা পুলিশ তাদের জানিয়েছেন। পরে বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয় বলেও জানান থানা পুলিশের ওই কর্মকর্তা।

মুফতি মারুফের বাবা মুফতি হাবিব উল্লাহ জানান, বৃহস্পতিবার ভোর রাত ৩টার দিকে ঢাকার গোয়েন্দা পুলিশ পরিচয়ে তার বাড়ি ও মাদ্রাসায় অভিযান চালায়। গোয়েন্দারা তাকে জানিয়েছেন, তার ছেলের জঙ্গি সংশ্লিষ্টতা ও দীপন হত্যায় জড়িত থাকার বিষয়ে তাদের কাছে তথ্য রয়েছে। তবে মুফতি হাবিব উল্লার দাবী তার ছেলে এসব কোনও কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়।

মুফতি হাবিব বলেন, নিজের মাদ্রাসা থেকেই তার ছেলে মারুফ প্রাথমিক শিক্ষা নিয়ে পরে ছাগলনাইয়া মাদ্রাসা থেকে দাওরা (টাইটেল) পাশ করেন। এরপর চট্টগ্রামের পটিয়া মাদ্রাসা থেকে ইসলামি আইন শাস্ত্রে (মুফতি) দুই বছরের পড়ালেখা করেন। সেখান থেকে আবার গ্রামের বাড়িতে এসে নিজের মাদ্রাসা পরিচালনার দায়িত্ব নেন। তার মাদ্রাসাটি প্রাথমিক পর্যায়ের। আটটি ক্লাস রয়েছে মাদ্রাসাটিতে। জঙ্গিবাদকে মারুফ ঘৃণা করেন বলেও জানান তিনি।

মুফতি মারুফের বিষয়টি তিনি স্থানীয় আমজাদ হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিমসহ স্থানীয় নেতাদের জানিয়েছেন। চেয়ারম্যান ইব্রাহিম বিষয়টি মারুফের বাবার কাছ থেকে অবহিত হয়েছেন বলে জানান।

গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়, প্রযুক্তির সহায়তা ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী তারা মুফতি মারুফকে সন্দেহের তালিকায় রেখেছেন।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে হামলা চালিয়ে এর মালিক ফয়সল আরেফিন দীপনকে হত্যা করে দুর্বৃত্তরা। একই দিন প্রায় একই সময়ে লালমাটিয়ায় প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে হামলা চালিয়ে মালিক আহমেদুর রশিদ টুটুলসহ তিনজনকে গুরুতর আহত করে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ