ঝালকাঠির নলছিটিতে ক্যাম্প বসিয়ে রোগীদের চক্ষু চিকিৎসার নামে প্রতারণার দায়ে দুই ভূয়া চিকিৎসককে এক লাখ টাকা করে জরিমানা অনাদায়ে দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার সন্ধ্যায় নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ মোহাম্মদ কামরুল হুদা এ দণ্ড প্রদান করেন। দণ্ডপপ্রাপ্তরা হলেন— বাকেরগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকার হুমায়ুন কবির ও মিরাজ হোসেন। শনিবার দুপুরে উপজেলার উত্তর হদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাদের আটক করা হয়।
এর আগে উপজেলার রানাপাশা ইউনিয়নে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকরা চোখের সমস্যায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দেবেন বলে মাইকিং করে উত্তর রানাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শনিবার চক্ষু ক্যাম্প বসায় একটি প্রতারক চক্র।
ঘোষণা অনুযায়ী সহযোগী মিরাজ হোসেনকে নিয়ে ক্যাম্পে আগত রুগীদের চিকিৎসা শুরু করেন ভূয়া চক্ষু চিকিৎসক হুমায়ুন কবির। এসময় তাদের আচরণ ও চিকিৎসার ধরণ এবং সঙ্গে আনা চোখ পরীক্ষার যন্ত্রপাতি ও মেয়াদ উত্তীর্ণ ওষুধপত্র দেখে এলাকাবাসীর সন্দেহ হলে এলাকাবাসী ডাক্তারদের চ্যালেঞ্জ করলে চাপের মুখে নিজেদের অপকর্মের কথা স্বীকার করে ওই ভূয়া ডাক্তার। এ অবস্থায় দুই প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ এলাকাবাসী।























