নারায়ণগঞ্জের পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে গ্রেফতার করে উপযুক্ত বিচার করতে সরকার ব্যর্থ হলে সারা দেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতৃবৃন্দ।
গত শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খেলাফত আন্দোলনের প্রধান মাওলানা শাহ আতাউল্লাহ ও মহাসচিব মাওলানা মো: জাফরুল্লাহ খান এ মন্তব্য করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একজন ভিন্ন ধর্মের লোক হয়ে ইসলাম ধর্ম সম্পর্কে জঘন্যতম মন্তব্য করে শ্যামল কান্তি দেশের কোটি কোটি মুসলমানের হৃদয়ে আঘাত হেনেছে। যে অপরাধের কঠিনতম শাস্তি হওয়ার প্রয়োজন। স্থানীয় এমপি প্রাথমিক বিচার করে একজন অভিভাবকের দায়িত্ব পালন করেছেন।
বিবৃতিতে আরও বলেন, কিন্তু ধর্মকে আঘাত করার অপরাধে রাষ্ট্রীয় বিচার এদেশের ৯২% তাওহীদি জনতার প্রাণের দাবি। তাকে গ্রেফতার করে উপযুক্ত বিচার করতে সরকার ব্যর্থ হলে সারা দেশে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়বে।
তারা বলেন, ধর্মকে আঘাত করার পর যাদের হৃদয়ে আঘাত লাগে না, অপরাধীর পক্ষে কথা বলে তারা সত্যিকারের মুসলমান নয়। সারা দেশে শিক্ষক-শিক্ষিকা লাঞ্ছিত হওয়ার বহু ঘটনা ঘটলেও ঐ শ্রেণির লোকদের মুখ খুলতে দেখা যায় না।





















