রপ্তানি প্রবৃদ্ধির সুযোগ কাজে লাগাতে বর্তমান সরকার পরিবেশবান্ধব সবুজ প্লাস্টিক শিল্পখাত গড়ে তুলতে মুন্সিগঞ্জে ৫০ একর জমির ওপর একটি প্লাস্টিক শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বুধবার রাজধানীতে ১১ তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা ২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পাশাপাশি ব্যবসায়ীদের প্লাস্টিক পণ্য রপ্তানিতে আর্থিক প্রণোদনার দাবির বিষয়ে বিবেচনা করা হবে বলেও জানান মন্ত্রী।
বুধবার থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হওয়া চার দিনের আন্তর্জাতিক প্লাস্টিক মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু দেশের সব প্লাস্টিক কারখানায় ইটিপি স্থাপন সহ পরিবেশ বান্ধব পদ্ধতি ব্যবহারের নির্দেশ দিয়েছেন।
ক্রমবর্ধমান চাহিদার যোগান দিতে দেশেই এরই মধ্যে ৫ হাজারের বেশি প্লাস্টিক কারখানা গড়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন দেশে প্লাস্টিক ব্যবসা প্রসারে একটি আলাদা প্লাস্টিক শিল্পনগরী গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার।
১৩ টি দেশের ৩ শতাধিক প্রতিষ্ঠান তাদের বিভিন্ন প্লাস্টিক পণ্যে যন্ত্রপাতি এবং আধুনিক প্রযুক্তি নিয়ে হাজির হয়েছেন এবারের মেলাতে। দেশি বিদেশি বিভিন্ন ক্রেতা আকর্ষণে এ মেলা অনেক বেশি ভূমিকা রাখবে বলে মনে করেন মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলো।
শনিবার পর্যন্ত চলা এ মেলা প্রতিদিন খোলা থাকবে দুপুর ১২ টা থেকে রাত ৮ পর্যন্ত।




















