২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকাকে ১০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

ঢাকাকে ১০ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লার দেয়া ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩১ রানেই শেষ হয় ঢাকার ইনিংস।
ঢাকার ইনিংসের শুরুর দিকে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়ে ফিরে যান ওপেনার সৈকত আলী। দলের রান তখন সবে ১৮। ভাল কিছু করতে পারেন নি আরেক ওপেনার সাদমান ইসলামও। দলীয় ৪০ রানের মাথায় ১১ বলে ১০ রান করে শুভাগত হোমের বলে বোল্ড হয়ে ফিরে যান সাদমান।
এরপর দলকে টেনে তোলার চেষ্টা করেন সাঙ্গাকারা ও নাসির হোসেন। কিন্তু দলীয় ৭০ রানের মাথায় সাঙ্গাকারা রান আউটের শিকার হলে বড় ধাক্কা খায় ঢাকা। সেখান থেকে আর সামলে উঠতে পারেনি। ২৭ বলে ৩০ রান করেন সাঙ্গা। এরপর নাসিরের ৩০ বলে ৩২ রানের সুবাদে শুধু আক্ষেপটাই বেড়েছে ঢাকার। জয়ের জন্য শেষ ওভারে দরকার ছিল ১৭ রান। হাতে ছিল চার উইকেট। কিন্তু মাত্র ছয় রান তুলতে পারেন আবুল হাসান ও ফরহাদ রেজা। ১০ রানের গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়ে মাশরাফি অ্যান্ড কোং। কুমিল্লার সফলতম বোলার আবু হায়দারের শিকার ২ উইকেট। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা চার ওভার বল করে মাত্র ১৮ খরচায় ১ উইকেট তুলে নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪১ রান তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ওপেনার লিটন দাসের ৩১ আর আশার জাইদির ২৯ বলে খেলা ৪৫ রানের ইনিংসের সুবাদে ১৪১ রানের লড়াকু পুঁজি পায় ভিক্টোরিয়ান্স। ঢাকার হয়ে ইয়াসির শাহ ও ফরহাদ রেজা নেন দুটি করে উইকেট।
১০ রানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো কুমিল্লা। ছয় ম্যাচ খেলে চার জয়ে ৮ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে ঢাকা। 

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ