ইউসুফ পাটোয়ারি, খাগড়াছড়ি প্রতিনিধি:
আর্থনিউজ২৪: খাগড়াছড়িতে মায়ের সাথে রোগী দেখতে গিয়ে ৪ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে। নিহত ইয়াসিন আরাফাত ওরফে রাহুল সদর উপজেলার গঞ্জপাড়া গ্রামের কবির হোসেনের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, আজ সকালে রাহুল তার মায়ের সাথে রোগী দেখতে হাসপাতালে গিয়েছিল। এক ফাঁকে হাসপাতাল চত্বরে অবস্থিত ২০ ফুট উচ্চ লোহার রডের পতাকা স্ট্যান্টটি স্পর্শ করতেই রাহুলের উপর ভেঙ্গে পড়ে। এতে গুরুতর আহত হয় রাহুল।
পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে কয়েক মিনিট পরেই চিৎিসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের আবাসিক চিকিৎসক সঞ্জীব ত্রিপুরা এর সত্যতা নিশ্চিত করেছেন। রাহুলের পরিবারের সদস্য এ ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে দায়ি করেছেন। অন্যদিকে এভাবে রাহুলকে হারিয়ে পরিবারে চলছে অন্যরকম শোকের মাতম।
























