২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বের নেতৃস্থানীয় তালিকায় স্থান পেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থান পেয়েছেন বিশ্বের নেতৃস্থানীয় ১০০ চিন্তাবিদের তালিকায়। বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতি বিষয়ক ওয়াশিংটনভিত্তিক ম্যাগাজিন ‘ফরেন পলিসি’ এ তালিকা প্রকাশ করেছে।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রতিবছর বিশ্বের নেতৃস্থানীয় ১০০ চিন্তাবিদের তালিকা প্রকাশ করে ‘ফরেন পলিসি’। এ তালিকার ‘ডিসিশন মেকারস’ ক্যাটাগরিতে শেখ হাসিনাসহ বিশ্বের ১৩ চিন্তাবিদের নাম রয়েছে। জলবায়ু পরিবর্তনের ইস্যু মোকাবেলায় শেখ হাসিনার অসামান্য অবদানের জন্য ‘নেতৃস্থানীয় আন্তর্জাতিক চিন্তাবিদ’ হিসেবে এ উপাধি দেয় ‘ফরেন পলিসি’।

এ ক্যাটাগরিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মরিশাসের প্রেসিডেন্ট আমিনাহ গারিবের নাম রয়েছে। প্রতিবছর বার্ষিক সংখ্যায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ ১০০ চিন্তাবিদদের নাম প্রকাশ করে ‘ফরেন পলিসি’।

২০০৯ সাল থেকে এ ধরনের তালিকা প্রকাশ করে আসছে ম্যাগাজিনটি। বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিক, আইনজীবী, উদ্ভাবক, শিল্পী, সরকারি কর্মকর্তা এবং বুদ্ধিজীবীদের সৃষ্টিশীল কর্মকাণ্ড ও চিন্তার বিবেচনায় নিয়ে ১০০ জনের তালিকা প্রকাশ করা হয়। বিশ্বে পরিবর্তন আনার ক্ষেত্রে আগের বছরের সুনির্দিষ্ট অবদান ও ধারণাকে বাস্তব রূপ দেয়ার ক্ষমতা বিবেচনায় নিয়ে এ তালিকা তৈরি করেন ফরেন পলিসির সম্পাদকরা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, মিয়ানমারের নেত্রী অং সান সু চি এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের নাম বিভিন্ন বছর এ তালিকায় এসেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ