হাতিরঝিলে পাজেরোর ধাক্কায় নিভে গেল শিশু রায়হানের জীবন প্রদীপ

হাতিরঝিলে পাজেরোর ধাক্কায় নিভে গেল শিশু রায়হানের জীবন প্রদীপ। শনিবার সন্ধ্যায় রাজধানীর রামপুরায় হাতিরঝিলে হঠাৎ পাজেরোর ধাক্কায় প্রাণ হরায় শিশু শ্রেণির এই শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ও শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু বক্কর জানান, রামপুরার উলন এলাকায় হাতিরঝিলে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী পাজেরো শিশুটিকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।

রামপুরার উলন বাজারের বাসিন্দা লিটন মিয়া ও লাকি বেগমের একমাত্র ছেলে রায়হান। লিটন মিয়া পেশায় ঠেলাগাড়ি চালক, মা লাকি গৃহকর্মী হিসেবে কাজ করেন।

লিটন জানালেন, রায়হানের মৃত্যুর খবর পেয়ে তারা ছুটে এসেছেন হাসপাতালে। একমাত্র সন্তানকে হারিয়ে মা লাকি বেগম মূর্ছা যাচ্ছেন।

লিটন বললেন, ‘রায়হানকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। সে উলনের অ্যাডভান্স নিউ মডেল স্কুলে শিশু শ্রেণিতে ভর্তি হয়েছিল। আল্লাহ, আমাদের সব স্বপ্ন কেড়ে নিল। আমরা এখন কী নিয়ে বাঁচব?’ আবু বক্কর জানান, শিশুটিকে চাপা দেওয়ার পর দ্রুত গতিতে পালিয়ে যায় পাজেরো জিপটি।

রায়হানের পৈত্রিক ভিটা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তগ্রামে। মা-বাবার সঙ্গে সে রামপুরার উলন রোডে ভাড়া বাসায় থাকত।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ