র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলম খান (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগামারী খাল এলাকায় এমন ঘটনা ঘটে।
আজ শুক্রবার সকালে বন্দুকযুদ্ধে নিহত আলম খানের ঠিকানা জানা যায়নি।তবে র্যাবের দাবি তিনি বনদস্যু আলম বাহিনীর প্রধান ।
র্যাব-৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম বলেন, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর মৃগামারী খাল এলাকায় র্যাব-৮-এর সদস্যরা সকালে নিয়মিত টহল দিচ্ছিলেন। ওই সময় মৃগামারী খালসংলগ্ন বনে ধোঁয়া উড়তে দেখে ছদ্মবেশে অভিযান চালায় র্যাব। পরে সেখানে আগেই অবস্থান নেওয়া বনদস্যু আলম বাহিনী র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি শুরু করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। এক সময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে আলম খান নিহত হয়।
র্যাবের সাথে বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটার গান, চারটি একনলা বন্দুক, দুটি দোনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি কাটা রাইফেল, ৪৬৫টি গুলি, দুটি রামদা ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।
























