সিরিয়া থেকে বাস্তুচ্যুত শরণার্থীদের জোর করে ফের দেশটিতে ফেরত পাঠানোর বিষয়ে মধ্যপ্রাচ্য ও পশ্চিমা দেশগুলোকে সতর্ক করেছে কয়েকটি গুরুত্বপূর্ণ দাতা সংস্থা। তারা বলছে, সংঘাতপূর্ণ দেশটিতে এখনো চরম নিরাপত্তাহীনতা রয়েছে। এ অবস্থায় তাদের নিজ দেশে ফেরত পাঠানো হলে তারা চরম ঝুঁকির মধ্যে পড়বে। খবর এএফপি’র।
সোমবার এক প্রতিবেদনে দাতা সংস্থাগুলো এই সতর্কতার কথা প্রকাশ করে। যে কয়টি আন্তর্জাতিক দাতা সংস্থা যৌথভাবে এই প্রতিবেদন প্রকাশ করে তাদের মধ্যে উল্লেখযোগ্য কেয়ার ইন্টারন্যাশনাল, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল(এনআরসি), এ্যাকশন এগেইনস্ট হাঙ্গার ও ড্যানিশ রিফিউজি কাউন্সিল। এতে বলা হয়, দেশটিতে বোমা বিস্ফোরণ, হামলা-পাল্টা হামলা, বিমান আক্রমণসহ সন্ত্রাস অব্যাহত থাকায় শরণার্থীদের ফেরত পাঠানোর অর্থ তাদের মৃত্যুর দিকে ঠেলে দেয়া।
‘ভয়ংকর উপত্যকা’ নামের এই প্রতিবেদনে বলা হয়, আশ্রয় প্রদানকারী দেশগুলো সিরিয়ার নাগরিকদের ফেরত পাঠানোর উদ্যোগ গ্রহণ করছে বা আলোচনা অব্যাহত রেখেছে। অথচ সিরিয়ার সামরিক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি। সিরিয়াতে গত ২০০১ সাল থেকে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত ৩ লাখ ৪০ হাজার লোক নিহত হয়েছে। দেশটির বিপুল সংখ্যক শরণার্থীর বেশিরভাগ লেবানন, জর্ডান ও তুরস্কে আশ্রয় নিয়েছে। মাত্র ৩ ভাগ শরণার্থী সম্পদশালী দেশগুলোতে আশ্রয় পেয়েছে। এএফপি।
























