বিয়ের পর চাহিদামত যৌতুক পান নি। তাই এক স্বামী তার স্ত্রীর কিডনি বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই আত্নগোপনে রয়েছে অভিযুক্ত স্বামী।
জানাযায়, ২০০৫ সালে মুর্শিদাবাদের ফরাক্কায় লালগোলার বিশ্বজিৎ সরকারের সঙ্গে রীতা সরকারে বিয়ে হয়। রীতার অভিযোগ, বিয়ের সময় নগদ এবং গয়না দেওয়া হলেও আরো যৌতুকের দাবিতে তার উপর অত্যাচার করা হত। ৭ মাস আগে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি চলে আসেন তিনি। সম্প্রতি অসুস্থ হয়ে পড়ায় আলট্রাসোনোগ্রাফি টেস্ট করান রীতা। রিপোর্টে তিনি জানতে পারেন, তার একটা কিডনি নেই। এরপরই শুক্রবার স্বামীর বিরুদ্ধে কিডনি বিক্রির অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ।
তার অভিযোগ, অ্যাপেনডিক্স অপারেশনের নাম করে দুইবছর আগে তাকে কলকাতার নার্সিংহোমে ভর্তি করেছিলেন স্বামী বিশ্বজিৎ। তখনই তার কিডনি কেটে বিক্রি করে দেওয়া হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক।
অন্যদিকে অত্যাচারের অভিযোগ অস্বীকার করেছেন তার শাশুড়ি। রীতা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি।
























