আর্থনিউজ২৪: শনিবার সকালে চান্দিনা উপজেলার খাতঘর এলাকায় একটি প্রাইভেট কার থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। এ সময় আটক গাড়িচালক আবুল বাশার দাবি করেছেন,গাড়িটির মালিক জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন সিনিয়র সহকারী সচিব।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঢাকাটাইমসকে জানান, “বিআরটিএর কর্মকর্তারা জানিয়েছেন গাড়িটির মালিক ইউসিবি ব্যাংক। চালক সাংবাদিকদের কাছে দাবি করেছে, গাড়িটি একজন সিনিয়র সহকারী সচিবের। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”
দাউদকান্দির ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত তল্লাশি অভিযানের অংশ হিসেবে পুলিশ সকালে খাতঘর এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালায়। এ সময় গাড়িটির ভেতরে ৩০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পুলিশ গাড়ির চালক আবুল বাশারকে আটক করেছে।
আটক গাড়িচালক আবুল বাশারের বরাত দিয়ে এসআই মনির আরো বলেন, জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, বাহার নামের এক ব্যক্তি তাকে কুমিল্লায় নিয়ে এসেছেন। গাড়িটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ সচিবের বলেও আবুল বাশার দাবি করেন।
চালকের দেওয়া তথ্যের সঙ্গে গাড়ির মালিকানা মিলিয়ে দেখা হচ্ছে বলে জানান এসআই মনির। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়া চলছে।
























