সাম্য ও সুশাসন তারুণ্যকে পথ দেখাবে : শহিদ রাসেল

কখনো কখনো আমাদেরকে অন্যায়-অসামাজিকতা নীরবে মেনে নিতে হয়। পরিবেশ যখন প্রতিকূলে থাকে তখন আমাদের নীতিবোধ ও বিবেক-বিবেচনাকে প্রয়োগ করাটা কঠিন হয়ে পড়ে। সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য হিসেবে প্রচার করতে থাকা আমারই পরিচিতজনকে আমরা ‘না’ বলতে পারিনা। আমাদের সমাজ ও রীতিনীতিগুলো কেমন যেনো নড়বড়ে হয়ে যাচ্ছে। আমরা চক্ষুলজ্জা কিংবা ন্যুনতম সামাজিকতা দেখাতেও কার্পণ্যতা দেখাচ্ছি। সবসময় নিজের লাভ/লোকসানের হিসেবে ব্যস্ত হয়ে পড়া এক একটা যন্ত্রে পরিণত হচ্ছি। আমাদের শিক্ষা ব্যবস্থা হয়ে পড়ছে লাভজনক ব্যবসা, আমাদের সেবাকেন্দ্রগুলো ধীরে ধীরে মুনাফার ফাঁদে আটকে যাচ্ছে। টাকার মাপকাঠিতে মূল্যায়ন হচ্ছে ছাত্রনেতার (তথাকথিত) পদ-পদবী বাগিয়ে নেয়ার যোগ্যতা(!)। আমরা হয়ে পড়ছি অভিভাবকহীন, আমাদেরকে সঠিক পথ দেখানোর মতো ব্যক্তিত্ববান মানুষগুলো হারিয়ে যাচ্ছে। এক আদর্শচ্যুত সমাজে করুণ জীবনযাপনে আমরা অভ্যস্ত হয়ে পড়ছি। কেন এমনটা হচ্ছে? কেন আমাদের কাছে সভ্যতা ও সততার মূল্য হ্রাস পাচ্ছে। কেবল প্রতিষ্ঠা(হোক তা যেকোনো উপায়ে) আর ক্ষমতা মোহ আমাদেরকে অন্যায় ও অমানবিক হতে প্রলুব্ধ করছে। আমরা সমাজের সহজ-সরল মানুষগুলো ‘বোকা’ আর দখলবাজ-সন্ত্রাসীদের বলছি ‘যথার্থ’। ভয় আর হারিয়ে ফেলার দৌড় আমাদেরকে অস্থির করে রাখছে। আমাদের চারপাশটাকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখা বা আপনজনদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার প্রয়োজনবোধটুকু আমরা হারিয়ে ফেলছি। অল্পতেই রিয়েক্ট করছি, আলাদা হচ্ছি, পরিচয়ের বন্ধন ছিন্ন করছি। অস্বীকার করছি বছরের পর বছর ধরে লালন করা সুসম্পর্কের সেতুবন্ধন।

অপরাধ প্রবণতা বাড়ছে হৈ হৈ করে। আজ পত্রিকা বা টিভি’তে যে নৃশংস সংবাদটি দেখছি আগামীকাল আমার চারপাশে ওই সংবাদটিরই পুনরাবৃত্তি ঘটছে। অপরাধীরা যখন প্রাপ্য শাস্তিটুকু না পেয়ে পূর্বের মতো স্বাধীন/মুক্ত জীবনের স্বাদ পাচ্ছে, তখন তাদের কাছে বিচারব্যবস্থা হয়ে পড়ে হাস্যকর বিষয়। আর অন্যান্য অপরাধের প্রতি তীব্র আগ্রহ বেড়ে যায়। আমরা নেতিবাচকতায় আমোদিত হচ্ছি, অন্যায়ের প্রতিবাদ করা তো দূরের ব্যাপার – আমাদের মধ্যে ন্যুনতম অপরাধ ভীতিও কাজ করছেনা। ক্ষমতার দাপট আর জ্ঞানপাপীদের আগ্রাসনের কারণেই সমাজ তথা রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারছেনা। আইনের প্রতি শ্রদ্ধাবোধ কিংবা যথাযথ আইন প্রয়োগের অভাবেই আমরা চরম বেপরোয়া হয়ে পড়ছি। এক কথায় ‘রক্ষাকর্তাই ভক্ষণকারীর ভূমিকায় আবির্ভূত হচ্ছে’ যা একটি ভয়ংকর বার্তা দিচ্ছে – আমরা বুঝেও চোখ বন্ধ করে কুয়োর ব্যাঙ মতো অভিনয় করে যাচ্ছি। নিজের পিঠে ঘা না পড়ার আগ-পর্যন্ত নীরব থাকছি, অন্যায় মেনে নিচ্ছি, অন্যায়ে সহযোগিতা করছি। অন্যের চাপিয়ে দেয়া আদর্শে নিজেকে প্রকাশ করতে বাধ্য হচ্ছি। কেন আমাদের মূল্যবোধগুলো ক্রমশ: নিস্তেজ হয়ে পড়ছে – তার সঠিক পরিসংখ্যান’সহ প্রয়োজনীয় পদক্ষেপ খুবই জরুরী। আমাদের অসংখ্য কর্মময় জীবন কেবল কতিপয় কুকর্মের সমর্থনে প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা অপরের ক্ষেত্রে সুশাসন কামনা করলেও নিজের বেলায় বরাবরই “তালগাছটি আমার” – এই বিচারে বিশ্বাস রাখি। স্পীকার হাতে পেলে সততা ও সুন্দরের গুণকীর্তণ করতে কখনো ভুল হয়না। অথচ পরমুহূর্তেই অসৎ ও বর্বরতাকে আঁকড়ে ধরছি। একটি দ্বি-চারিতা আমাদের ঘায়েল করে রেখেছে। একটি অদৃশ্য দেয়ালে বন্দী হয়ে অন্যের দ্বারা পরিচালিত ও শিখিয়ে দেয়া বুলিকে নিজের বলে প্রচার করছি।

মুষ্টিমেয় (শতকরা ২ থেকে ৫ ভাগ) সৌভাগ্যবান ব্যতিত একটা সরকারি চাকরি পাওয়া যেনো সোনার হরিণের স্বপ্ন দেখার মতো। ঘুষ বা লবিং ছাড়া সরকারি চাকরি আশা করা বৃথা। ঘুষ (সৌজন্যতা/ডেভেলপমেন্ট ফি) দেয়ার পরও রেহায় নেই, কাউকে বলা যাবেনা বা উচ্চবাচ্য করা যাবেনা – এই শর্তেই যোগদানপত্র পাওয়া যাবে। নির্মমতা আর কাকে বলে। অন্যদিকে সার্টিফিকেট অর্জন এখন কেবলই টাকার ব্যাপার হয়ে দাড়িয়েছে। ভর্তি পরীক্ষা না দিয়ে, কোনো ধরনের ক্লাস না করে কিংবা প্রয়োজনীয় জ্ঞানার্জন না করেই সনদ পাওয়ার বহু প্রক্রিয়া প্রচলিত আছে। “টাকা দিলে বাঘের চোখও পাওয়া যায়” এই ইস্যুতেই চলছে চারপাশ। তাছাড়া বিষফোড়া বা গলার কাঁটার মতো আটকে আছে ‘কোটা পদ্ধতি’। সাধারণের পাশে যেনো কেউ নেই। উপজাতীয়, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধ, মহিলা বা অন্যান্য কোটার প্রার্থীরা যেনো কপালে রাজটিকা নিয়েই জন্মেছে। আমরা যারা সাধারণ আমাদেরকে টেনে তোলার জন্য দৃশ্যত কিছুই নেই। তাই আমাদের গা সয়ে গেছে। আমার কেবল প্রতিযোগিতায় নামছি, আর বারবার পরাজিত সৈনিকের বেশে ফিরছি। শিক্ষিত বেকারদের না-বিশ্বাস উঠা এই অসহ্য মুহূর্তে কী করণীয় আছে তা দেশের বুদ্ধিজীবী বা মনোবিজ্ঞানীরাই ভালো বলতে পারেন। আমরা একটা সুন্দর পরিবেশে সঠিকতা ও মূল্যায়পূর্বক সুশাসন নিয়েই বাঁচতে চাই।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ