ম্যাচের আগের রাতে পৌঁছেছিলেন দুবাইয়ে। যাত্রার সেই ক্লান্তির ছিটেফোঁটা নেই সাকিব আল হাসানের ব্যাটিংয়ে। লাহোর কালান্দার্সের বিপক্ষে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম ম্যাচেই ফিফটি করলেন করাচি কিংসের সাকিব। তাঁর ৩৪ বলে ৩ বাউন্ডারি ৩ ছক্কায় ৫১ রানের ঝোড়ো ইনিংসে ৭ উইকেটের সহজ জয়ই পেয়েছে করাচি। লাহোরের ১২৫ রানের চ্যালেঞ্জ তারা পেরিয়ে যায় ২৬ বল হাতে রেখে। করাচির লেন্ডল সিমন্স অপরাজিত থাকেন ৪৬ বলে ৮ বাউন্ডারি ২ ছক্কায় ৬২ রানে। তবে ৫১ রানের ইনিংসের সঙ্গে ১ উইকেট নেওয়ায় ম্যাচসেরার পুরস্কারটা পেয়েছেন সাকিবই। তবে একই দলের মুশফিকুর রহিম একাদশে জায়গা পাননি এদিন।
পেশোয়ার জালমির হয়ে পরের ম্যাচে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন বাংলাদেশের আরেক ক্রিকেটার তামিম ইকবালও। হাফ সেঞ্চুরি করেছেন তিনিও। তবে সাকিবের মতো অতোটা বিধ্বংসী হতে পারেননি তিনি। ৫১ রান করেছেন ঠিক ৫১ বলে। আর তামিমের হাফ সেঞ্চুরিতে ভর করে ১৪৫ রান তুলে পেশোয়ার। জবাবে ১২১ রানে থামে ইসলামাবাদ। সুবাদে ২৪ রানে জিতে পেশোয়ার।
উদ্বোধনী ম্যাচটি মোহাম্মদ আমির স্মরণীয় করেছেন অসাধারণ হ্যাটট্রিকে। ১৯তম ওভারে করাচির এই পেসার একে একে ফেরান ডোয়াইন ব্রাভো, জোহাইব খান ও কেভিন কুপারকে। তাতে ৮ উইকেটে ১২৫ রানে থামে লাহোরের ইনিংস।























