আর্থনিউজ২৪:আজ সোমবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত “শহীদ নূর হোসেন” দিবসের এক আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ মন্তব্য করেন সংলাপ নয়, প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর দমন প্রয়োজন ।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংলাপের আহ্বানকে নাকচ করে হাছান মাহমুদ বলেন, যারা রাজনীতিতে প্রতিক্রিয়াশীল, যাদের হাতে মানুষের রক্ত, পোড়া মানুষের গন্ধ তাদের সাথে কোনো সংলাপ হতে পারে না। বরং সে সব প্রতিক্রিয়াশীল গোষ্ঠীকে দমন করা প্রয়োজন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো দেশ থেকে সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করা।
তিনি বলেন, সরকারকে বেকায়দায় ফেলার জন্যই বিদেশি হত্যা, ব্লগার-প্রকাশকদের ওপরে হামলাসহ সাম্প্রতিক বিভিন্ন ঘটনা প্রবাহ। এটি একটি বিশেষ গোষ্ঠীর ষড়যন্ত্র। প্রকৃতপক্ষে “সংলাপ ও মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে সংকট থেকে উত্তরণ সম্ভব” বেগম জিয়ার এ মন্তব্য এবং বিএনপির বিবৃতি প্রমাণ করে যে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের সাথে বিএনপি জড়িত। একটি গোষ্ঠী সরকারকে বেকায়দায় ফেলতে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে। আর এ গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন খালেদা জিয়া।
আওয়ামী লীগের এ নেতা বলেন, ৭১-এ যেমন অনেক বিশ্ব শক্তি বাংলাদেশের অভ্যুদয় চায়নি ঠিক এখন তারা চাইছে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে। তারা চায় বাংলাদেশে জনসমর্থিত কোনো সরকার নয় বরং তাদের আজ্ঞাবহ কোনো সরকার থাকুক। এ কারণে তারা সব সময়ই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত।
সাবেক বনমন্ত্রী বলেন, প্রতিক্রিয়াশীলরা দেশকে পিছিয়ে নিয়ে যেতে চায়, দেশকে আফগানিস্তান, পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্র বানাতে চায়। তাই দেশে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সহিষ্ণু পরিবেশ বজায় রাখতে প্রগতিশীলদের প্রতিপক্ষ প্রগতিশীল হওয়া প্রয়োজন। ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে প্রগতিশীলদের বিপক্ষে প্রগতিশীলরাই রাজনীতি করবে।
সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।
























