মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ
বান্দরবানের লামার গজালিয়া ইউনিয়নে এক বিধবা নারীকে বসতভিটা থেকে উচ্ছেদ ও সম্পত্তি থেকে বঞ্চিত করার পায়তারা করার অভিযোগ করেন অসহায় রনজিদা বেগম (৪১)। তার স্বামী মৃত আব্দুল আজিজের ১ম সংসারের দুই মেয়ে তাসলিমা বেগম ও রহিমা বেগম পরিকল্পিতভাবে সম্পত্তি থেকে বঞ্চিত করতে এই পায়তারা করছে বলে লামা থানায় করা অভিযোগে তিনি উল্লেখ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক মহিলা মেম্বার রনজিদা বেগম ২২ বছর তার স্বামী মৃত আব্দুল আজিজের সংসার করেন। কয়েক বছর আগে তার স্বামী মারা যায়। তার কোন সন্তান নেই। জীবদ্দশায় আব্দুল আজিজ তার নামীয় ৩০৫ নং গজালিয়া মৌজার আর/৪৬৫ হোল্ডিং এর ৪.৫০ একর জমি হতে ২ একর জমি ২য় স্ত্রী রনজিদা বেগমকে দানপত্র করে যায়। যা দান পত্র দলিল নং- ৬৮৪/০৭, তারিখ- ২৩ সেপ্টেম্বর ২০০৭ইং। কয়েক বছর আগে স্বামী আব্দুল আজিজ মারা গেলে ১ম সংসারের মেয়ে তাসলিমা বেগম ও রহিমা বেগম সম্পত্তি থেকে সৎ মাকে বঞ্চিত করতে পরিকল্পনা করে। তারা সৎ মা রনজিদা বেগমকে না জানিয়ে গোপনে পিতার মোট সম্পত্তি জাল জালিয়াতি করে নিজেদের নামে নামজারি করে নেয়। অপরদিকে সৎ মাকে তার বসতভিটা থেকে চলে যেতে বলে। সে যেতে না চাইলে কয়েক দফা ভাড়াটিয়া লোকজন নিয়ে হামলা চালায়। গত ২৯ শে জুলাই রাতে ভাড়াটিয়া লোকজন নিয়ে তাসলিমা ও রহিমা রনজিদাকে তার বাড়ি থেকে বের করে দেয় এবং বসতভিটা দখল করে। অসহায় মহিলাটি এখন অন্যের বাড়ির বারান্দায় আশ্রয় নিয়ে যাযাবর জীবন যাপন করছে। পুলিশ, জন-প্রতিনিধিরা রনজিদাকে তার বসতঘর ফেরত দিতে তাসলিমা ও রহিমা বললে তারা অনিহা প্রকাশ করে।
রনজিদা বেগম বলেন, আমি সকলের দ্বারে দ্বারে ঘুরছি। আমার বসতভিটা ফেরত পাওয়ার জন্য। যেখানে যাই সবাই টাকা চায়। আমার তো টাকা নেই। আমি কি স্বামীর দেয়া এই বসতভিটা ফেরত পাব না ? বিষয়টি নিয়ে লামা কোর্টে, বান্দরবান জর্জ কোর্ট ও সর্বশেষ লামা থানায় অভিযোগ করেছি। এবিষয়ে তাসলিমা ও রহিমা বেগমের সাথে যোগাযোগ করা হলে তারা বলেন, আমরা পৈত্রিক সম্পত্তি পেয়েছি। এখানে রনজিদা বেগমের কোন অধিকার নেই।
লামা থানার পুলিশের উপ-পরিদর্শক খাইরুল হাসান বলেন, ১ আগষ্ট মঙ্গলবার লামা থানায় উভয় পক্ষকে কাগজ পত্র নিয়ে আসতে বলেছি। বর্তমানে রনজিদা বেগমের বাড়ি থেকে তার মেয়েদের সরিয়ে তালাবদ্ধ করে রাখা হয়েছে।
লামা সহকারী কমিশনার (ভূমি) সায়েদ ইকবাল বলেন, ওয়ারিশ সার্টিফিকেট জালিয়াতি করে মৃত আব্দুল আজিজের মেয়ে তাসলিমা ও রহিমা তার সৎ মা রনজিদা বেগমকে স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। এই বিষয়ে রনজিদা বান্দরবান জর্জ কোর্টে অভিযোগ করেছে। যেহেতু বিষয়টি আদালতে মামলাধীন, তাই নিষ্পত্তিও সেখানে হবে।























