রিমঝিম আহমেদের কবিতাগ্রন্থ ‘লিলিথের ডানা’ থেকে কিছু কবিতা

কবি রিমঝিম আহমেদ
কবি রিমঝিম আহমেদ

কুয়াশাকালশেষে

যে-আগুনে রাধার বুক পোড়ে তার আঁচে পোড়ে না কোনও বৃন্দাবন। সবকিছু ছাপিয়ে যাকে মনে পড়ে সে এক উড়ুক্কু মাছ, সমুদ্রে থাকে, ডুব দিয়ে আকাশ দেখে।

প্রসূতির অকালমৃত্যুতে একদিন শবমিছিল হলো নীরবতার। সমস্ত নীল ছেনে দিয়ে আকাশ বৃষ্টি ঝরাল, বজ্রপাত হলো, দূরের তালগাছ নড়ল হাওয়ায়।

তারপর একটা সূর্য পুষেছিলে, পুড়ে গেছ গনগনে তাপে। এবার মেঘ পোষো, তোমাকে শীতলতা দেবে তাতানো রোদে, দীর্ঘ কুয়াশাকাল পেরিয়ে পুষ্ট হবে তোমার শীতফাটা ঠোঁট।

 

 

 

rim-2নিঃস্বতা

পুরোনো হাতের দিকে ফিরে যায় কেউ-কেউ
মাঝরাস্তায় মনস্তাপহীন হতবিহ্বল
দাঁড়িয়ে থাকে নতুন হাত
আঠারো বয়সী যুবকদের বাইকের ঘষা লেগে
পিচঢালা পথেও আগুনের ফুলকি ছোট
নেশাপ্রবণ মানুষের ভেতর
এক ঘোর মায়ার মতো
কোন এক অসুখকে চাপা দেয় তারা

অহোরাত্র নির্দল ফুলের পাশে
নিঃস্বতা হাঁটু মুড়ে বসে থাকে

 

শিরদাঁড়া
যাবে? যাও তবে, আমার ফেরার পালা
ভুল? সে কী কথা! ভুল বলে কিছু নেই
অকারণে যাও, অকারণে আসো—পাখি
ডানা ঝাড়ে শুধু, ঠোঁটে নিয়ে শুধু নাড়া
সকাল মিশেছে রাতের শরীরে
ফেরার যে আছে তাড়া!

এভাবে এসেছি নিজের মাঝেই ফিরে
বুকের ভেতর শূন্য বাগান, কাদা
জল থইথই, ঘোর বিষণ্ন পাড়া
যাবে যদি, যাও। ঘাম, ব্যথা নিয়ে বাঁচা
জীবনের রীতি, এমন নিয়ম যেন
চালচুলোহীন, সঙ্গীবিহীন। সুখ
খুঁজে খুঁজে মরা, বেঁচে থাকা তবু
কুকুরের মতো। বেঁকে গেছে শিরদাঁড়া

আগন্তুক
মূলত সবাই আগন্তুক ছিল
কেউ মাঝরাতে পথ হাতড়ে ক্লান্ত ছিল
মোমের ভাঙা আলো দেখে থমকে দাঁড়িয়েছিল
জানালায়, প্রবল জলতৃষ্ণায় রৌদ্রবৃষ্টিতে কেউ
এসেছিল জলের খোঁজে। কেউ-কেউ এসেছিল
নিঃসঙ্গ সময়ের আলপথ বেয়ে
গল্প শেষ হলে খোশ মেজাজে তারাও ফিরে গেছে যে যার ঘরে
মূলত সবাই আগন্তুক ছিল
সবার ছিল আঁচলের টান, চেনা ঘ্রাণ
যারা এসেছিল, হুঁকো টেনে চলে গেছে
আমি শুধু গড়গড়ানিটুকু শুনতে পাই

rim-1পরানসখা

১

দাঁড়াও, আলো আনছি
বলে কেউ একজন অন্ধকারে হারিয়ে গেল
সামনে চৌরাস্তা
কোন পথে যাব ভাবতে ভাবতে বুঝলাম
পায়ের লিগামেন্টে টান পড়েছে
তখন আমার তৃতীয় চিৎকারটি দিলাম

প্রথম দিয়েছি জন্মচমকে, দ্বিতীয় প্রসববেদনায়

আর তৃতীয়টি
তোমাকে ছুঁতে না পারার আর্তনাদ

২

আর কোনওদিন আসবে না তোমার সম্মুখে প্রণয়প্রার্থী হাত
জানু পেতে থাকবে না কোনও ছায়াদীঘল চোখ
সন্ধ্যার স্টেডিয়ামে শিরোন্নত নিঃসঙ্গ লাইটপোস্টের কাছে
পতঙ্গবৃত্ত দেখে তোমারও শরীরে আসবে জ্বর
যেসব গোপন অনুভবের ইতিবৃত্ত আঁকা হয়েছিল
পরিষ্কার কাগজে, ছায়াহত আজ সব
ব্যক্তিগত অনুভূতির শোকে মুহ্যমান
কোনও ক্ষণহননের গান টেনে আনে
যে-আত্মহত্যার চিরকুট লেখা হয়েছিল
বিফল মৃত্যুর আগে
বালিশের তলায় রেখে প্রতিদিন দিব্যি বেঁচে থাকি

৩
তারপর একদিন আমাদের দুজোড়া ডানা হবে
আমরাও হারিয়ে যাব অরণ্যের দিকে
আমাদের খুঁজবে যারা, বৃষ্টিভেজা পাতার আয়নায়
দেখবে আমাদের প্রতিবিম্ব

প্রতিটি ভাবনা থেকে বের হয় চিতাবাঘের ঘ্রাণ
মনে পড়ে, ভাবনাই গিলে খেয়েছিল একদিন
থাবা তার পড়ে আছে ঘাসে ও মাটিতে

rim-3লিলিথের ডানা

১

চৌকাঠ ডিঙিয়ে এলাম মাত্র। পেরেকে গেঁথেছে শাড়ি
ছাড়িয়ে দেবে কি? সামনে এগোবে পা অপরিচয় ভুলে
যেতে চাই অর্গল খুলে তোমার দিকে, পাতা
ইশারায় বাতাস মেখে উড়তে উড়তে পার হব উঠোন
উঠোনভর্তি পাতা, হলুদ-সবুজ পাতা
আঁচলের গিঁট খুলে পড়ে গেছে চাবি
পিছুটান নেই আর কোনও
এবার আঙুল ছেড়ে দাও, যাই
পেরেক থেকেও খুলে দাও শাড়ি

২

জানি না কোন বাতাসের কাছে রেখে গেলে তোমার ফিসফিস
কার করতলে রেখে এসেছ দৃষ্টি
পদব্রজী সন্ন্যাসী হয়ে আশ্রয় নিলে না ধূপ-জ্বেলে-রাখা মন্দিরে

আমি বরাবরই আগুনমুখী, পতঙ্গস্বভাব পোষে রাখি চোখে
এই যে তুমি হাতের বিঘতে মেপে নিচ্ছ সময়
প্রতি পদক্ষেপে দাগ টেনে টেনে যাও
বৃত্তবন্দি বিন্দু এক ভাবছে কোন পথে যাবে
ঊর্ধে, না কি পাতালমুখে!

প্রত্যাখ্যানের কিছু রং থাকে নিজস্ব
পুড়িয়ে দেয় চোখ, আত্মা
তবু সন্ধ্যা হলেই আলো জ্বেলে রাখি
কোনও এক জন্মান্ধের শিয়রে

৩

আজকের দিনে ম্লান মনে হয় সমস্ত উৎসব
ঘর-গৃহস্থালি, ঝাটপাট, আগুন-আগুন খেলা

মগজ চুঁইয়ে নেমে আসে ঘা-খাওয়া নির্জনতা
চুলের বিনুনি দোলে তড়বড়ে বাতাসের বেগে

রাতকামিনী ফোটে কার জন্য সুবাস ছড়িয়ে!
কী অনভ্যাসে পাতারা ঘুমোতে পারে না রাতভর!

আকাশও কেঁদে যায় ঝরে-পড়া জলের তৃষ্ণায়
ঘাসের ডগায় লেখা ফড়িঙের কাব্য, কথকতা
গাছের বেদনা যত মিশে যায় ছায়ার ভেতর
সমর্পণে ভালো থাকে যাপনের সমস্ত গরিমা
শাঁখের শূন্যতা মেখে বেজেছে পবিত্র শব্দ সব
বেতবনে পোঁতা আছে অগুনতি ভঙ্গিমা দেহের
কেঁপে-ওঠা মনস্তাপে জর্জরিত অহল্যা-জীবন
নিজের শরীরভারে মধ্যরাতে পারি না পালাতে

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ