[quote font=”arial”]বান্দরবানে দু’পর্যটক অপহরণ চার মাস অতিক্রম, প্রশাসনের ধারণা এখনও বেঁচে আছেন[/quote]
মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাইডসহ দুই পর্যটক অপহৃত হওয়ার চার মাস পেরিয়ে গেলেও এখনও জীবিত আছেন বলে ধারনা প্রকাশ করেছেন স্থানীয় প্রশাসন।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৩ অক্টোবর জেলার রুমা সীমান্তের রাইক্ষ্যং পুকুর পাড়ার কাছ থেকে অপহৃত হন ঢাকার মিরপুরের পর্যটক আবদুল্লাহ আল জুবায়ের ও জাকির হোসেন মুন্না এবং গাইড মাংসাই ম্রো। তাদের উদ্ধারে সীমান্তে যৌথবাহিনী সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলির ঘটনায় উভয়পক্ষের দুইজন নিহত ও আরও দুই জন আহত হয়। তবে কয়েক দফায় অভিযানের পরও চার মাসে অপহৃতদের পাওয়া যায়নি। কয়েকটি অভিযানে উদ্ধার করা হয় অস্ত্র, গোলাবারুদ। অপহরণকারীরা নিজেদের মিয়ানমারের আরকান লিবারেশন পার্টি (এএলপি) পরিচয় দিয়ে অর্ধ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। তবে পরে এ দাবি অস্বীকার করলেও স্থানীয় প্রশাসন মনে করছে অপহরণের কাজটি মিয়ানমারের এই সশস্ত্র অপরাধী সংগঠনটিই করেছে।
স্থানীয় সূত্রের ধারণা, অপহরণের পর সন্ত্রাসীরা তাদের ভারতের মিজোরাম বা মিয়ানমার নিয়ে যেতে পারে। দুর্গমতা ও তিন দেশের সীমান্তের কারণে দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যরা চাইলেও সেখানে গিয়ে অভিযান চালাতে পারে না।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আমরা আশাবাদী তারা জীবিত আছেন কিন্তু কোনও সুনির্দিষ্ট তথ্য নেই তাদের ব্যাপারে। রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ ছাহেল তস্তুরী বলেন, লোকাল সোর্সের মাধ্যমে খোঁজ এখনও চলছে, আমরা নিশ্চিত তারা এখনও বেঁচে আছেন। তিনি আরো বলেন, অপহৃতদের সঙ্গে সরাসরি কথা বলতে পারিনি, তবে সোর্সের মাধ্যমে যোগাযোগ চলছে।
উল্লেখ্য, গত বছরের ১৬ অক্টোবর পর্যটক উদ্ধার অভিযানে রুমার তাংজং পাড়ায় সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় যৌথ বাহিনী ১টি মার্ক টু-এসকে রাইফেল, ১টি হ্যান্ড গ্রেনেড, ৩টি ম্যাগজিন, ১টি ওয়াকিটকি ও ২২০ রাউন্ড গুলি এবং সন্ত্রাসীদের একাধিক পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। গত ১৮ অক্টোবর রুমা সীমান্তে যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে। গোলাগুলিতে ঘটনাস্থলেই নিহত হন সেনাক্যাম্পে দায়িত্বরত গ্রাম পুলিশ মেচং ম্রো । গুলিবিদ্ধ হন সেনা সদস্য কাশেম ও আনসারের সিপাহী হান্নান। গত ২২ অক্টোবর দুপুরে রুমার দুর্গম সে প্রু পাড়ার পার্শ্ববর্তী এলাকা থেকে এক সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে যৌথ বাহিনী। তিনি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সদস্য বলে ধারণা করছে যৌথবাহিনী। এ অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় জনপ্রতিনিধিসহ পাঁচজনকে গ্রেফতার করলেও বর্তমানে তাদের কয়েকজন জামিনে রয়েছে বলে জানায় পুলিশ।
























