রাজধানী মিরপুরে জঙ্গি আস্থানার সন্ধান পেয়েছে প্রশাসন।
মিরপুরের শাহ আলী থানা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি ছয়তলা ভবন ঘিরে রেখেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে পুলিশ ওই বাড়ি ঘিরে ফেলে। পুলিশ ছাড়াও সেখানে বিপুলসংখ্যক র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্য মোতায়েন করা হয়েছে।
মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গণমাধ্যম) জাহাঙ্গীর আলম বলেন, শাহ আলি থানার ৯ নম্বর রোডের ‘এ’ ব্লকে ওই বাড়িতে নিষিদ্ধ জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্যদের অবস্থানের তথ্য পেয়ে এ অভিযান চালানো হচ্ছে।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহীন মণ্ডল জানান, আজ ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বড়িটি ঘিরে রাখা হয়েছে। ভবনের ভেতরে যারা অবস্থান করছেন তারা দরজা খুলছেন না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভেতরে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। ওই ভবন থেকে বাইরে বোমা ছুড়েছে দুর্বৃত্তরা। ওই ভবনের গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে।
























