২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

‘মিথ্যা মামলা’ করতে এসে চেয়ারম্যানসহ আটক ২০!

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি:

থানায় এসে মিথ্যা অভিযোগ করার অভিযোগে ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও যুবলীগ নেতা রবিউল ইসলামসহ ২০ জনকে গত শনিবার রাতে পুলিশ আটক করেছে। তাঁদের তিনটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল রোববার কারাগারে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন রবিউল ইসলাম (৪২), ইমরান হোসেন (৩২), বজলুর রহমান (৫০), আতাউর রহমান (৩০), হেলাল উদ্দিন (৫০), আনোয়ার হোসেন (৫০), রাশেদুল ইসলাম (৩০), সাদ্দাম হোসেন (২২), কুদ্দুস মল্লিক (২৫), নূর আলী (৪০), নায়েব আলী (৪২), আজিজুর রহমান (২৫), আজিবর রহমান (৫২), মোলামদি হোসেন (৩০), ওহিদুজ্জামান (৩২), মামুন হোসেন (৫০), আবদুল ওহাব (৩৬), আলম হোসেন (৩৬), আসাদুজ্জামান খাঁ (৪০) ও জিয়াউর রহমান (৪৫)। তাঁরা নলডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বলেন, সম্প্রতি নলডাঙ্গা ইউনিয়নে হামলা ও ভাঙচুরসহ নানা ঘটনা ঘটেছে। একটি মহল ইউপি নির্বাচন সামনে রেখে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। গত শুক্রবার ইউনিয়নের যাত্রাপুর গ্রামের মতিয়ার রহমান বিশ্বাসের ছেলে নজরুল ইসলামকে একদল সন্ত্রাসী ধরে নিয়ে গলা কেটে খুন করার চেষ্টা করে। টের পেয়ে এলাকার লোকজন তাঁকে উদ্ধার করেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে।

ওসি হাসান হাফিজুর রহমান আরও জানান, শনিবার রাত নয়টার দিকে বেশ কিছু লোক নিয়ে নলডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও যুবলীগের জেলা কমিটির সদস্য রবিউল ইসলাম থানায় আসেন। তিনি যাত্রাপুর গ্রামের সেই নজরুল ইসলামসহ আরও কিছু ব্যক্তির নামে মামলা করতে চান। এ সময় মিথ্যা অভিযোগ করার অভিযোগে তাঁদের আটক করা হয়। পরে রবিউল ইসলাম ও তাঁর লোকজনের বিরুদ্ধে হাঙ্গামা, মারপিট, ভাঙচুর ও শান্তিশৃঙ্খলা নষ্টসহ নানা অভিযোগে খেড়াশুনি গ্রামের আবুল হোসেন ও শিমুল হোসেন এবং যাত্রাপুর গ্রামের নজরুল ইসলাম তিনটি মামলা করেন। রাতেই তাঁদের এসব মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

থানায় আটক থাকাকালে রবিউল ইসলাম বলেন, তিনি কোনো ঘটনার সঙ্গে জড়িত নন। এলাকায় নানা হাঙ্গামার ঘটনা ঘটছে। সেসব বিষয়ে পুলিশকে জানাতে এবং তা মীমাংসা করা যায় কি না সে পরামর্শ করতে থানায় এসেছিলেন। কিন্তু পুলিশ তাঁকেসহ অন্যদের আটক করে মিথ্যা মামলা দিয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ