মালয়েশিয়ায় ধর্ষণের অভিযোগে এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। বার্তা সংস্থা বারনামা বলছে, রোববার একটি এপার্টমেন্টের সিঁড়িতে ওই কিশোরিকে ধর্ষণ করে ওই বাংলাদেশী (৩৮)। তাকে সোমবার বিকাল সাড়ে পাঁচটার দিকে আটক করা হয়েছে।
একজন নিরাপত্তা রক্ষী তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করে। এর আগে তার সঙ্গে দেখা গিয়েছিল ওই কিশোরিকে। তা দেখে সন্দেহ হয় ওই নিরাপত্তারক্ষীর। তিনি খবর দেন কিশোরির পিতাকে। খবর পেয়ে তার পিতা আরো কিছু প্রতিবেশীকে নিয়ে হাজির হন। তারা আটক করেন ওই বাংলাদেশিকে। উল্লেখ্য, ওই কিশোরির বয়স ১৩ বছরের মতো এবং সে অটিস্টিক।
নিরাপত্তা প্রহরী বলেছেন, আটক করার পর কিশোরি বলেছে তাকে বেশ কয়েকবার ধর্ষণ করেছে ওই ব্যক্তি। সে যাতে কাউকে এ বিষয়ে কিছু না বলে এ জন্য তাকে দিয়েছে ১০ রিঙ্গিত। পেনাং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের প্রধান মো. জাকারিয়া আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। বলেছেন, ধর্ষিত কিশোরিকে পেনাং হাসপাতালে পাঠানো হয়েছে।
























