ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

আর্থনিউজ২৪:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর পৌনে ৫টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ও মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রীজের পশ্চিম পাশে রিনালয় সিএসজি পাম্পের সামনে এবং বুধবার সকাল ১০টায় ঢাকা-চট্রগাম মহাসড়কের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় এই  দুর্ঘটনা ঘটে এদের মধ্যে ৫ জনের নাম পরিচয় জানা গেছে। 
নিহতরা হলেন- সিএনজি অটোরিকশা চালক সাগর (২৫), সিএনজি যাত্রী মিন্টু (৪০), দেলোয়ার হোসেন (৩০), আল আমিন (১৮) ও  ট্রাক চালক মমিনুল হক (৪৫)। নিহত অপর ব্যক্তির (৫০) পরিচয় পাওয়া যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. সরাফাত হোসেন জানান, বুধবার ভোর পৌনে ৫টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় মিতালী মার্কেটের সামনে অজ্ঞাত গাড়ি একটি সিএনজিকে (নারায়ণগঞ্জ -থ ১১-০৪৮৪) চাপা দেয়। এতে সিএজিটি দুমরে মুচরে গেলে ঘটনাস্থলে সিএনজি চালক ও ৩ যাত্রী  ঘটনাস্থলেই মারা যায়। নিহত সিএনজি চালক সাগর নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার দক্ষিণ রূপসী কাজিপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে। সিএনজির অপর নিহত যাত্রীরা হলো রূপগঞ্জ উপজেলার রূপসী কাজীপাড়া গ্রামের মৃত মান্না মিয়ার ছেলে মিন্টু, রূপগঞ্জের চনপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে দেলোয়ার হোসেন ও ভোলা জেলার সদর থানার দক্ষিণ বাল্লা গ্রামের মান্নানের ছেলে আল আমিন।
অপরদিকে বুধবার সকাল ১০টায় ঢাকা-চট্রগাম মহাসড়কের সানারপাড় বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি বাস (ঢাকা মেট্টো-জ-১৮-০১৭৩) অজ্ঞাত (৫০) বছরের এক ব্যক্তিকে চাপা দেয়।  পথচারীরা শংকটাপন্ন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ ঘাতক বাসসহ চালক ওসমান গনিকে আটক করে থানায় নিয়ে যায়। ওসমান গনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার চরবাউশিয়া গ্রামের আব্দুল বাতেনের ছেলে।
অপর দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রীজের পশ্চিম পাশে রিনালয় সিএসজি পাম্পের সামনে। ট্রাক চালক মমিনুল হক রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। নিহত মমিনুল হক চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার কাচ্চা মাঠপাড়া গ্রামের মৃত হাবিল উদ্দিন খন্দকারের ছেলে। দুর্ঘটনার পরপরই ঘাতক গাড়িটি পালিয়ে যায়।
পুলিশ দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি ও আটককৃত ঘাতক বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দুটি ও সোনারগাঁও থানায় একটি মামলা হয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ