আগামী রবিবারের মধ্যে ঢাকায় ভাড়াটিয়াদের ব্যক্তিগত তথ্য বাড়ির মালিকদের মাধ্যমে পুলিশের কাছে জমা দেওয়ার কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানি শেষের আদেশে দিয়েছে আদালত।মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এ দিন ধার্য করেন।মামলার শুনানি শেষে বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
গত ৩ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। এছাড়া ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহের কার্যক্রম থেকে পুলিশকে বিরত থাকার অনুরোধ জানিয়ে গত ১ মার্চ লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন এই আইনজীবী। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর কমিশনারকে এ নোটিশ পাঠানো হয়েছিল।
এখানে উল্ল্যেখ যে, ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এক পৃষ্ঠার যে ফরম ভাড়াটিয়াদের পূরণ করতে দেওয়া হচ্ছে, সেখানে ভাড়াটিয়ার ছবির পাশাপাশি তাদের জাতীয় পরিচয়পত্রের নম্বর, পাসপোর্ট নম্বর, ফোন নম্বর, জন্ম তারিখসহ বাসার বাসিন্দা, গৃহকর্মী ও ড্রাইভারের তথ্য চাওয়া হয়েছে।























