ভারত সফরে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী ১২-১৩ই ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল-২০১৬ এ অংশ নিতে দেশটিতে সফর করার কথা রয়েছে তার। ওয়ার্ল্ড ফোরাম ইথিকস ইন বিজনেস ও দ্য আর্ট অব লিভিং ফাউন্ডেশন যৌথভাবে এ ফেস্টিভ্যালের আয়োজন করছে। ইতিমধ্যে আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পেয়েছেন খালেদা জিয়া। এখনও ফেস্টিভ্যালে যোগদানের ব্যাপারে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এ ব্যাপারে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন মানবজমিনকে বলেন, ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যালের একটি সেমিনারে যোগ দেয়ার জন্য তাদের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনকে আমন্ত্রণ জানানো হয়েছে। চলতি মাসের ১২ই ফেব্রুয়ারি থেকে সেমিনারটি শুরু হবে। বিএনপি চেয়ারপারসন যদি যান তাহলে ১১ই ফেব্রুয়ারি যেতে পারেন। তবে সফরসূচির বিষয়ে চুড়ান্ত কিছু জানানো হয়নি।
ভারতের ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে খালেদার জিয়ার সাক্ষাতের জন্য বিএনপির তরফ থেকে সময় চাওয়া হয়েছে কিনা জানতে চাইলে ড. রিপন বলেন, এ ধরনের সফরে সাধারণ সাইড লাইন মিটিং হয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা থাকতেই পারে। তবে আনুষ্ঠানিকভাবে সময় চাওয়া হয়েছে কিনা এ ব্যাপারে আমার জানা নেই।
তবে দলটির একটি সূত্র জানিয়েছে, ভারত সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং ক্ষমতাসীন বিজেপির নীতিনির্ধারকদের সঙ্গে সাক্ষাতের সময়সূচি চূড়ান্ত করার পরই আয়োজকদের ইতিবাচক সিদ্ধান্ত জানিয়ে দেয়া হবে। জানা যায়, ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থার সম্পর্ক গড়ার উদ্যোগ নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে ভারতের ক্ষমতাসীন বিজেপির সঙ্গে ধীরে ধীরে সম্পর্কোন্নয়নের কার্যক্রমও চলছে। ২০১২ সালের শেষের দিকে বিএনপি নেত্রী খালেদা জিয়া ভারত সফরে যান। সে সময় তিনি দেশটির প্রেসিডেন্ট প্রণব মুখার্জি, তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস ও বিজেপি নেতাদের সঙ্গে সৌহার্দপূর্ণ বৈঠক করেন। তবে ওই সফরে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা হয়নি।
এদিকে মার্চে খালেদা জিয়ার ভারত সফরের আলোচনার মধ্যেই শোনা যাচ্ছে, মে মাসে যুক্তরাষ্ট্রও যেতে পারেন তিনি। তবে সেখানে যাওয়ার প্রক্রিয়া কি তা এখনও চূড়ান্ত হয়নি। চিকিৎসা না-কি কারও আমন্ত্রণে সেখানে যাবেন তাও নিশ্চিত করতে পারেনি দলের কোন সূত্র। তবে ধারণা করা যাচ্ছে, ওই সফরও হবে রাজনৈতিক।
























