মীর কাসেম আলীর আপিল শুনানি ১সপ্তাহের জন্য মুলতুবি

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর আপিল শুনানি এক সপ্তাহের জন্য মুলতুবি করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ ৯ ফেব্রুয়ারি নতুন তারিখ ধার্য করেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আজ বেলা ১২টার দিকে তালিকার ক্রম অনুসারে বিষয়টি এলে মীর কাসেমের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সময় আবেদন করেন। শুনানিতে তার সঙ্গে ছিলেন এস এম শাজাহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল ও সহকারী অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।

বশির আহমেদ বলেন, “মীর কাসেমের আইনজীবী এক সপ্তাহ সময় চান। আদালত তা মঞ্জুর করে শুনানি মুলতুবি করেন। ৯ ফেব্রুয়ারি আপিলের ওপর শুনানি শুরু হবে।

গত ৬ জানুয়ারি মীর কাসেমের আপিল শুনানির জন্য এ দিন ধার্য করেছিল আপিল বিভাগ। ২০১৪ সালের ২ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-২।

এ রায়ের বিরুদ্ধে ওই বছরের ৩০ নভেম্বর মীর কাসেম আলী আপিল করেন। মীর কাসেম আলী ১৬৮টি কারণ দেখিয়ে ফাঁসির আদেশ থেকে খালাস চেয়ে আবেদন করেন।

ইতিমধ্যেই আপিলের সারসংক্ষেপ দাখিল করেছে রাষ্ট্র ও আসামিপক্ষ।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ