বান্দরবানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি: অস্ত্র ও ইয়াবাসহ আটক ২

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ঃ

আর্থনিউজ২৪: বান্দরবান জেলার সদর উপজেলায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলিতে ডিবি পুলিশের কনস্টেবল তোহেল হোসেন (২৮) গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার ভোররাতে উপজেলার রাজবিলা ইউনিয়নের আমতলী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে ডিবি পুলিশ রাজবিলা ইউনিয়নের স্বর্ণটিলা এবং আমতলী পাড়া এলাকায় সন্ত্রাসী আস্তানায় অভিযান চালায়। এ সময় রাজবিলা এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইয়াবা সম্রাট ইলিয়াছ ভুলু ওরফে প্রকাশ ইয়াবা ভুলু বাহিনীর সঙ্গে পুলিশের দু’দফায় প্রায় ১০ রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে ডিবি পুলিশের কনস্টেবল তোহেল হোসেন গুলিবিদ্ধ হন। এ ছাড়া কনস্টেবল মোঃ কামরুল নামে আরও একজন আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে ভুলু বাহিনীর প্রধান মাদক সম্রাট ইলিয়াছ ভুলু (৪১) তার সহযোগী মোঃ রুবেল (৩৯) দু’জন আটক করা হয়েছে। এ সময় আস্তানা থেকে ১টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৪টি মোবাইল সেট উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে সদর থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক ২টি মামলা হয়েছে বলে জানায় পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশের বান্দরবানের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মঞ্জুরুল আলম জানান, ভোররাতে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি, ইয়াবাসহ দু’সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এ সময় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের দশ রাউন্ড গোলাগুলির ঘটনা ঘটেছে। পুলিশের একজন কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছেন। আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে বান্দরবান ও রাঙ্গুনিয়া থানায় ৮টি মামলা রয়েছে। বাহিনীর অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ