মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
অপহৃত তিন ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বান্দরবানের থানচি উপজেলায় শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে হরতালের কারণে বান্দরবান সদর-থানচি এবং আলীকদম-থানচি সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও থানচি উপজেলার সব ধরনের দোকানপাট বন্ধ আছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বান্দরবানের থানচি-আলীকদম সড়কের ২৮ কিলোমিটার এলাকা থেকে শুক্রবার সকালে তিন গরু ব্যবসায়ীকে অপহরণ করে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে থানচি-আলীকদম সড়কের (ডিম পাহাড়) ২৮ কিলোমিটার এলাকার একটি পাহাড়ের ঝিড়ির পাশ থেকে তিন ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। গরু ব্যবসায়ী হত্যার প্রতিবাদে থানচি উপজেলায় সোমবার রাত ৮টার দিকে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় স্থানীয়রা।
থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বাড়তি পুলিশ মোতায়েন আছে ।
























