যুক্তরাষ্ট্রভিত্তিক জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ মঙ্গলবার আনসার আল-ইসলামের বরাতে সতর্কবার্তা নিয়ে বাংলাদেশি প্রকাশকরা ‘দূরদর্শী সিদ্ধান্ত’ নিয়েছেন বলে মন্তব্য করেছে সংগঠনটি। আনসার আল-ইসলামকে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার একটি অংশ বলে মনে করা হয়।
আনসার আল-ইসলামের বরাতে সাইট ইন্টেরিজেন্সের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশের উদারমনা প্রকাশক ও বিক্রেতারা ইসলামি শরিয়াবিরোধী বইপত্রের ব্যাপারে আনসার আল ইসলামের সতর্কবার্তা শুনে একটি দূরদর্শী সিদ্ধান্ত নিয়েছেন।”
তবে প্রকাশকরা কী সিদ্ধান্ত নিয়েছেন সে সম্পর্কে এতে কিছু বলা হয়নি।
সাম্প্রতিক সময়ে দুর্বৃত্তদের হামলায় মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা লেখক অভিজিৎ রায়সহ পাঁচ ব্লগার নিহত হয়েছেন। সর্বশেষ গত ৩১ অক্টোবর রাজধানীতে কুপিয়ে হত্যা করা হয় জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সল আরেফিন দীপনকে। একই দিন তাদের হামলায় লালমাটিয়ায় আহত হন শুদ্ধস্বরের প্রকাশকসহ তিনজন। এ ছাড়া বিভিন্ন সময়ে কয়েকজন লেখক, প্রকাশক ও বুদ্ধিজীবীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
























