প্যারিস হামলায় জড়িত তিন ভাইয়ের একজনকে আটক, অস্বীকার পুলিশের

প্যারিস হামলায় জড়িত ফরাসি পরিবারের তিন ভাইয়ের একজনকে ব্রাসেলস থেকে আটক করার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হলেও তা অস্বীকার করেছে বেলজিয়াম পুলিশ। সেই সঙ্গে, তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে তারা। নিহত সাত হামলাকারীর মধ্যে এখন পর্যন্ত পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে। এদিকে, ইসলামিক স্টেট জঙ্গিদের শক্ত ঘাঁটি সিরিয়ার রাক্কা শহরের আশপাশে বিমান হামলা চালিয়েছে ফরাসি বিমানবাহিনী। এরই মধ্যে ফ্রান্স এবং ইউরোপে আরও সন্ত্রাসী হামলার আশংকা রয়েছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস।

পুরো প্যারিসের নিরাপত্তায় কিছুক্ষণ পর পরই টহল দিচ্ছে সেনা সদস্যরা। রেলস্টেশন, শপিংমলসহ বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। আর এসব কাজে পুলিশের পাশাপাশি নিয়োজিত আছে অন্তত ৫ হাজার সেনা সদস্য। অভিযান চালানো হচ্ছে প্যারিসের বাইরেও।

সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের মোলেনবিক এলাকায় অভিযান চালিয়ে ৮ হামলাকারীর মধ্যে একমাত্র জীবিত এবং হামলায় জড়িত ফরাসি পরিবারের তিন ভাইয়ের একজন সালেহ আব্দেসালামকে গ্রেফতার করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর এলেও, গ্রেফতারকৃত ওই ব্যক্তি আব্দেসালাম নয় বলে জানিয়েছে বেলজিয়াম পুলিশ। সেই সঙ্গে, তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলেও এসময় জানান তারা। এর আগে, ২৬ বছর বয়সী ঐ যুবকের ছবি প্রকাশ করে ফরাসি পুলিশ। এরপরই, তাকে ধরতে ব্রাসেলসজুড়ে ব্যাপক তল্লাসি অভিযান শুরু হয়।

ফরাসি পুলিশ বলছে, প্যারিসে হামলার পরিকল্পনা করা হয় বেলজিয়ামে, যদিও, ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস বলছেন, এ পরিকল্পনা করা সিরিয়ায় বসে। সেখান থেকেই সবকিছুর পরিকল্পনার করা হয় বলে দাবি তার।

এদিকে, প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর থেকে ফ্রান্স জুড়ে চলা জঙ্গিবিরোধী অভিযানে এ পর্যন্ত অন্তত ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বার্নাড ক্যাজেন্যুভ।

শুক্রবারের হামলার পর থেকেই নিরাপত্তাজানিত কারণে প্যারিসের ল্যুভ জাদুঘর, আইফেল টাওয়ারসহ বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, প্যারিসে আইএসের চালানো ভয়াবহ জঙ্গি হামলার জবাবে রোববার রাতে আইএস জঙ্গিদের শক্ত ঘাঁটি সিরিয়ায় রাক্কা শহর ও এর আশপাশের এলাকায় নতুন করে তীব্র বিমান হামলা চালিয়েছে ফ্রান্স। জর্ডানে অবস্থিত ফ্রান্সের ঘাঁটি থেকে ১০টি যুদ্ধবিমান একযোগে এই হামলা চালায় বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ