১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিয়ম রক্ষার ম্যাচে আমিরাতকে ৯ উইকেটে হারাল ভারত

এশিয়া কাপে নিয়ম রক্ষার ম্যাচে রোহিত-যুবরাজের ঝড়ো ব্যাটিংয়ে আরব আমিরাতকে ৯ উইকেটের বড় ব্যাবধানে হারিয়েছে ভারত। আমিরাতের দেয়া ৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ১০.১ ওভারেই জয় পায় টিম ইন্ডিয়া।

এই জয়ের মধ্য দিয়ে এশিয়া কাপের লিগ পর্যায়ের সবগুলো ম্যাচেই জয় পেল ধোনির দল। আর সবকটি ম্যাচেই হেরেছে আরব আমিরাত।

এর আগে বল হাতে আমিরাতকে ৮১ রানেই বেঁধে ফেলে ভারতের বোলাররা। টসে জিতে ভারতকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানায় আরব আমিরাত। কিন্তু ব্যাট করতে নেমে শুরুতেই ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে এশিয়া কাপে নবাগতরা।

দলীয় ২২ রানে ২ উইকেট, ৩৩ রানে ৩ উইকেট, ৫৫ রানে পাঁচ উইকেট, ৬৬ রানে ছয় উইকেট! দারুণ ছন্দ আর সামঞ্জস্য রেখে উইকেটে আসা যাওয়া করেছেন আরব আমিরাতের ব্যাটসম্যানরা। ভারতের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে আমিরাত নিজেদের সর্বনিম্ন স্কোরের নতুন রেকর্ড গড়বে কিনা, এমন কথাবার্তাও উঠতে শুরু করেছিল। তবে ৭৩ রানের নিচে গুটিয়ে যাওয়ার সেই লজ্জায় আর পড়তে হয়নি আমিরাতকে। সাইমান আনোয়ারের লড়াকু ব্যাটিংয়ের সুবাদে শেষপর্যন্ত স্কোরবোর্ডে ৮১ রান জমা করেছে আমিরাত।

শেষ ওভারে ঝুঁকিপূর্ণ একটি রান নিতে গিয়ে রানআউট হয়েছেন আনোয়ার। তার আগে খেলেছেন ৪৮ বলে ৪৩ রানের দারুণ ইনিংস। তিনি ছাড়া আমিরাতের আর একজন ব্যাটসম্যান পেরোতে পেরেছেন দুই অঙ্কের কোটা। ১১ রান করেছেন ওপেনার রোহান মুস্তফা। নিয়মিত বিরতিতে উইকেট পতনের মধ্য দিয়ে ৯ উইকেট হারিয়ে ৮১ রানে থেমেছে আমিরাতের ইনংস।

ভারতের পক্ষে দারুণ বোলিং করেছেন আশিস নেহরার পরিবর্তে দলে আসা ভুবনেশ্বর কুমার। চার ওভার বল করে মাত্র ৮ রানের বিনিময়ে নিয়েছেন দুইটি উইকেট। অভিষিক্ত বাঁহাতি স্পিনার পবন নেগি পেয়েছেন একটি উইকেট। ফেরাটা ভালো হয়েছে হরভজন সিংয়েরও। চার ওভার বল করে মাত্র ১১ রানের বিনিময়ে একটি উইকেট নিয়েছেন এই অভিজ্ঞ অফস্পিনার।

এশিয়া কাপে টানা তিনটি জয় দিয়ে ফাইনাল আগেই নিশ্চিত করে ফেলেছিল ভারত। বুধবার পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে বাংলাদেশও পেয়ে গেছে ফাইনালের টিকিট। ফলে গ্রুপ পর্বের শেষ দুইটি ম্যাচ পরিণত হয়েছে শুধুই সৌজন্য রক্ষার লড়াইয়ে। আজ তেমনই ম্যাচে মুখোমুখি হয়েছ ভারত ও আরব আমিরাত।

দলে বেশ কয়েকটি পরিবর্তন এনে আমিরাতের মুখোমুখি হয়েছে ভারত। বিশ্রাম দেওয়া হয়েছে আশিস নেহরা, রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে। দলে এসেছেন ভুবনেশ্বর কুমার, পবন নেগি ও হরভজন সিং। আন্তর্জাতিক ক্রিকেটে আজই অভিষেক হতে যাচ্ছে বাঁ-হাতি স্পিনার পবন নেগির। অন্যদিকে ২০১৫ সালের অক্টোবরের পর জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন ভুবনেশ্বর ও হরভজন সিং।

শ্রীলংকার বিপক্ষে পাঁচ উইকেটের সহজ জয়ে এক ম্যাচ হাতে রেখেই এশিয়া কাপ টি ২০’র ফাইনাল নিশ্চিত করেছে ভারত। বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকাকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠছে ধোনিবাহিনী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ