১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কবি শাহিদ হাসান-এর সাথে কবিতা বিষয়ক টুকরো আলাপ

কবিতা আসলে কি? গনগনে রোদে বসে বসে দেখা সেই লাল সিগন্যাল? নাকি বিকেলের শান্ত মৃদু হাওয়ায় ছাদে ঘুরে বেড়ানো কোনো পাখি? না কি শরতের সাদা কাশফুল? আচ্ছা, কে বেশী পাগল? কবি না কবিতা? কবি জীবনানন্দ দাস বলেছিলেন, “সকলেই কবি নয়, কেউ কেউ কবি”। সে তো কতদিন আগের কথা। কিন্তু তিনিও কবি বা কবিতার কোনো সঠিক সংজ্ঞা দিতে পারেন নি। আচ্ছা, কবিতাকে মনে হয় না কি, এই দারুণ গরমে ঠান্ডা জলের মতো? কিম্বা শীতল বাতাসের মতো? শীতের রাতে আগুন যাপনে ওমের মতো?  এরকম কবিতা বিষয়ক কিছু প্রশ্নের উত্তর নিয়ে আর্থনিউজ২৪ এর সাথে কথা বলেছেন  কবি শাহিদ হাসান…

কবি শাহিদ হাসান
কবি শাহিদ হাসান

আর্থনিউজ২৪: কবিতাকে আপনি কিভাবে দেখেন?
শাহিদ হাসান: কবিতা সাহিত্যের প্রাচীন মাধ্যম। আর অল্প কথায় নিজের ভাব সামষ্টিক চেতনায় প্রকাশ করা যায়। এটি হচ্ছে কবিতার বিশেষ ক্ষমতা।

আর্থনিউজ২৪: কেন কবিতা লিখেন?
শাহিদ হাসান: নিজের কথামালা অন্য শাখায় প্রকাশ করতে পারি না বলে।

আর্থনিউজ২৪: কবিতা কী সবার জন্য, যদি সবার জন্য না হয়, তাহলে সবার জন্য নয় কেন?
শাহিদ হাসান: কবিতা সবার জন্য নয়। তবে ছড়া ও পদ্য সবার জন্যে। অনেকে ছড়া, পদ্য ও কবিতার পার্থক্য বোঝে না। জসিম উদদীন,বন্দে আলী মিঞা, গোলাম মোস্তাফা,সুফিয়া কামাল ও কাদের নেওয়াজ প্রমুখ বাংলা সাহিত্যের মহান ছড়াকার ও পদ্যকার।এঁদের ছড়া-পদ্য সবার জন্যে।

অন্যদিকে মাইকেল, সুধীন্দ্রনাথ,জীবনানন্দ,বিষ্ণু দে,অমিয়,বুদ্ধদেব,আবদুল মান্নান সৈয়দ,সিকদার আমিনুল হক,টি.এস. এলিয়ট ও এজরা পাউন্ড প্রমুখ কবিদের কবিতা সবার জন্য নয়। তাঁরা মেধা-মনন-সৃজনের সমন্বয়ে কবিতা রচনা করেছেন। যাদের কবিতার বিষয়-আশয় সম্পর্কে ব্যাপক পাঠ নেই তাদের পক্ষে উক্ত কবিদের কবিতা থেকে রস আস্বাদন সম্ভব নয়। তাই আমি আবারও বলছি কবিতা সবার জন্য নয়। ছড়া ও পদ্য সবার জন্য।

আর্থনিউজ২৪: সাম্প্রতিক কবিতার যে দুর্বোধ্যতা এই বিষয়কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন?
শাহিদ হাসান: এটি পুরনো কথা। অভিযোগটি  ওপরে উল্লেখিত কবিদের বেলায় আজও বলবৎ আছে। বাকি উত্তর আগে দেয়া হয়েছে।

আর্থনিউজ২৪: সাম্প্রতিক তরুণ কবি ও অগ্রজ কবিদের মধ্যে কি রকম কবিতা-পার্থক্য লক্ষ্য করেন?
শাহিদ হাসান: অগ্রজদের মধ্যে যাঁরা ভাল কবিতা লেখেন তাঁরা দীর্ঘ পাঠ পরিক্রমার ভেতর দিয়ে অগ্রসর হয়েছেন এবং হচ্ছেন। সুতরাং পঠন-পাঠন ও অভিজ্ঞতার দিক থেকে তরুণ কবিদের সাথে তাঁদের পার্থক্য অনিবার্য।

আর্থনিউজ২৪: বর্তমানে যে গদ্যকবিতা লেখা হয়, এ বিষয়কে আপনি কিভাবে দেখছেন?
শাহিদ হাসান: প্রথম সার্থক বাংলা গদ্যকবিতার জনক সমর সেন। এরপর অনেকে ভাল গদ্যকবিতা রচনা করেছেন। এ মুহূর্তে দুজনের কথা মনে পড়ছে। গেল শতাব্দীর ষাটে দশকের সিকদার আমিনুল হক ও আবদুল মান্নান সৈয়দ।  আপনি এঁদের কবিতা পড়ে সাম্প্রতিক গদ্যকবিতার পার্থক্য সহজে বুঝতে পারবেন।

shahid--1আর্থনিউজ২৪: কবি-র ক্ষেত্রে কখন কবিতার বই করার উত্তম বলে মনে করেন?
শাহিদ হাসান: একজন কবি-র প্রথম দশক হচ্ছে প্রস্তুতিকাল। এ-সময় বেশির ভাগ কবিতা হয়ে উঠে না, থাকে অপরিশীলিত আবেগের ঘনঘটা আর পাঠের থাকে সীমাবদ্ধতা। আমার ব্যক্তিগত অভিমত অন্তত কমপক্ষে দেড় দশক পর কাব্যগ্রন্থ  বের করা উচিৎ। আমি নিজে আড়াই দশক পর ‘অনার্যের ঐকিক বেদনা’ কাব্যগ্রন্থটি প্রকাশ করেছি।

আর্থনিউজ২৪: সাম্প্রতিক কবিতার নিয়ে কিছু বলুন।
শাহিদ হাসান: ইতিহাস-ঐতিহ্য-মিথ-পুরাণ-লোককথা-দর্শন-রাজনীতি ইত্যাদি বিষয়কে সময়োপযোগী করে কবিতায় প্রকাশ করা জরুরি। যা ভবিষ্যতের দিকে ইঙ্গিত করে। পৃথিবীর অন্যতম কবিতা ওয়েস্ট ল্যান্ড এবং চিত্র গোয়ার্নিকা আজও উল্লেখিত কারণে প্রাসঙ্গিক।

আর্থনিউজ২৪: কবিতায় যে উত্তর-আধুনিক ফর্ম, এই বিষয়কে কিভাবে মূল্যায়ন করবেন?
শাহিদ হাসান: নব্বই দশকে প্রথম দিকে চট্টগ্রাম থেকে কবি এজাজ ইউসুফী-র মাধ্যমে উত্তর-আধুনিক তত্ত্বের সূত্রপাত। এর চর্চার আজও অব্যাহত। কাব্যগ্রন্থের নাম এবং কবিতার শিরোনাম পড়লে আধুনিক কবিতা ও উত্তর-আধুনিক কবিতার পার্থক্য প্রথমে ধরা পড়ে।

আর্থনিউজ২৪: ভবিষ্যতে কবিতার ট্রেন্ড কোন দিকে যেতে পারে বলে মনে করেন?
শাহিদ হাসান: বর্তমানে বিশ্বব্যাপী সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক-অর্থনৈতিক সংকট ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।  পরিস্থিতি বলছে আগামিতে সংকট আরো গাঢ় হবে। সুতরাং কবিতাও  ঐ প্রেক্ষাপটের উপর নির্ভর করে রচিত হবে।

আর্থনিউজ২৪: বর্তমান সময়ে কার কার কবিতা আপনার ভালো লাগে?
শাহিদ হাসান: যাদের কবিতায় ইঙ্গিতের ভেতর ৮নং উত্তরের বিষয়গুলো আছে তাদের কবিতা আমার ভাল লাগে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ