দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনা সদস্যদেরকে সর্বদা সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে চট্টগ্রাম সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কর্মকর্তাদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এরআগে, কড়া নিরাপত্তার মধ্যে বেলা ১২টার দিকে বিশেষ হেলিকপ্টারে করে চট্টগ্রামে পৌঁছান প্রধানমন্ত্রী।
এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক লাল গালিচা সংবর্ধনা দিয়ে তাকে স্বাগত জানান। পরে সেনানিবাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আয়োজিত নবম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। মধ্যাহ্ন বিরতির পর বিকেলে দেশের প্রথম আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রসহ ৭টি প্রকল্প উদ্বোধনের কথা রয়েছে তার।
এগুলোর মধ্যে ১৭শ কোটি টাকা ব্যয়ে আউটার রিং রোড এবং ১৭২ কোটি টাকা ব্যয়ে সংযোগ সড়কের ভিত্তি প্রস্তর স্থাপন অন্যতম।
এছাড়া পুরাতন স্টেশন এলাকায় ৫৮ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত কদমতলী ফ্লাইওভারের উদ্বোধন শেষে সেখানেই প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ে এক্সপ্রেস ওয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন শেখ হাসিনা। সবশেষে আগ্রাবাদে প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের প্রথম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার উদ্বোধনের পর ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।





















