আজিজ কাজলের প্রকাশিতব্য কবিতাগ্রন্থ ‘ধ্বনি পূর্বাপর’ থেকে কিছু কবিতা

কবি আজিজ কাজল
কবি আজিজ কাজল

নতি জলে

নিজেও দেখতে পাচ্ছো এই প্রদীপ-ঘন
অন্ধকারে কিসের ছায়া লুকিয়ে আছে।
আমিতো পাহাড়ি চর্যা-পারের মানুষ;
প্রতিদিন দেখছি একটি কাঠুরে তাঁর
পেশির উল্কায় সভ্যতা নির্মাণ করছে।

সন্ধ্যা হলেই পড়তে বসো
রাঁধুনী-মায়ের গল্পে মাত করো তোমাদের প্রাচীন
মূল্যবোধের স্বর্ণাভ।
এই কথোপকথন এখন বৃষ্টিলাবণী ধরে
তোমাকে নিয়ে যাচ্ছে; পিঁপড়া-সাহসে অল্প অল্প
করে টিকিয়ে রাখছে তোমাদের বাস্তুবৃক্ষের গান―
লোহো এই পাণি করুণা ভরে।

 
 

kajol-2আরো কিছু মহামান্য হলে

মায়ের স্নেহঘাটে ফেরি করতো যাঁরা
চন্দ্রভোজের মায়া;
প্রবল জোছনা দিনে মৌ-পাতার বিরলে
সরল সাহসিকা যারা,
দীর্ঘ তিমির পিদিম রাতে
জড়িয়ে-ছড়িয়ে দিতো―
আমাদের লঙ্কাপুরের লবণ-গাঁও;
মরিচ-ধ্যানী আরো কিছু মানুষের ছায়া।
এখন শাশ্বত ভোজের এই স্নেহলতা
দীর্ঘ লতার আপসে-মেঘে,
স্বেত-পাতার হলুদে দুলিয়া যায়;
চরাচরে নুয়ে পড়া ফসিলের দেহজপাতা
হয়ে যায় কঙ্কাল, রূপচাঁদার।

বচনের অগ্নি
 

ওই শাদা সুতোর পাহাড়ে
শয়তানের পা ঝুলে আছে।
দেখো তার গায়ের রঙ আর শৌর্য-পাখনায়
ফুলকা-দোল নাচে।
তোমরা কীভাবে সাহসী চয়নিকার ভাষা
ছড়িয়ে দাও পৃথিবী-পাড়ায়?
এতো কিছু নিজেদের দাবি করো কিসের!
তোমাদের শরীরের ছুরম খসে পড়ছে।
মন্ত্রমুগ্ধ পাতাবাহারে যে অগ্নিবীজ―
জেনো, এ-বচনই আমার কথন
আমরাও আছি চরম জাত্যভিমানে―
তোমরা যে-আতিশয্যের মায়াদ্বীপ বানিয়েছো
সেতো আমারই দীপ, বচনের অগ্নি।

kajol-3অঙ্কবাহিত রোগ
 

আমার  অম্লচাঁদ মাখা মুখ দেখে শিক্ষক 
নিজে ভ্যাবাচেকা খেয়েছিলেন;
বুঝতে পেরেছেন আমার শূন্যতার ভেতরে
অঙ্কহীনতা এবং তাঁর গভীরে জটিল
মগজের আড়াল।
তিনি বুঝতে পারছেন
আমার ঘুঙুর দেহে কর-বাদ্যকর রেখার
জ্যামিতি।
আমিতো নিজেও অঙ্কসাঁই!
শরীরে মেখেছি এক দুর্বোধ্য-অঙ্কের মৌমাছ।
 

যখনি নিজেকে ছেড়ে দিতে চেষ্টা করি―
হাওয়ার তরঙ্গ বাজায় সেন্স-টেলিপ্যাথি।
 
 

অহিংস বাচিক
 

সেই দজলা ফোরাতের মন ধরেছি;
যেখানে সভ্যতার আঙুল
বেঁকে আছে মহতী হৃদয় ধরার আহ্বানে।
তোমাদের হারিয়ে যাওয়া প্রাকৃত জৌলুস
এখনো কতো নামের বিবর্তিকা;
এভাবে জীবন্ত-জীবাশ্ম গুলো
 প্রত্ন প্রাচীন বনেদি পরিবারের সৌন্দর্য নিয়ে,
হেঁটে যাচ্ছো অবিরাম।
 

পানৌকি তুমিই বলো তবে
এর কোন মানে হয় কিনা―
তোমার উপর ছেড়ে দিলাম তবে
বিগত দিনের নকশি বচন।
 

আমার কণ্ঠহার জড়িয়ে যাচ্ছে―
সন্ধ্যা-দোরে প্রতিদিন মহাকাল
চাপা পড়ছে দেখো;
আমাকে আর বলো না কিছু-
আছি বাকরোহিতে, ধ্যানী-মনু স্রোতে।
 

 

kajol-1তারাবুনিয়া চর-২
 

শীতলক্ষ্যা থেকে রূপকথার আজব মাছের মতো
যে মাছ চাপাখোলার ডাঙায় উঠে
প্রতিদিন খিরা আর শসা খেতো
লেজ-উঁচিয়ে অদ্ভুত আওয়াজে মিলে-যেতো
জলভঙ্গে!
এভাবে হাওয়ায় শূন্য হতো
রূপকথা, গাথা-পুরাতনী।
 

দূরের শীর্ষচূড়া থেকে আসছে আলো।
যারা প্রতিদিন আমাদের চাঁদের জোছনা খেয়ে
সাবাড় করছে, বিরান করছে
স্বাস্থ্যকর পুঁতিগন্ধময় পাতা―
আলো-ছায়া প্রকৃতি পরাণ।
 

আমাদের চর তারাবুনিয়া
এখনো রচনা করে বিস্ময়
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রূপকথার
যতো গাঢ়-অন্ধকার অমানিশা।

 

 

 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ