তীব্র গ্যাস সংকটে বন্দর নগরী চট্টগ্রামে

তীব্র গ্যাস সংকটে চরম বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রামের নাগরিক জীবন। বাসাবাড়ি থেকে শুরু করে সিএনজি গ্যাস স্টেশন, কলকারখানাসহ সব জায়গায় গ্যাসের অভাবে চলছে হাহাকার।
তবে কবে নাগাদ এ গ্যাস সংকটের অবসান হবে তার কোনো সমাধান দিতে পারছে না কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ।
গ্যাস না পেয়ে সমস্যার কথা জানালেন নগরীর আসকার দীঘির পাড় এলাকার বাসিন্দা ফারহানা রীমা। গত চার দিন ধরে গ্যাস না থাকায় চরম বেকায়দায় পড়েছেন। এক্ষেত্রে গ্যাস সিলিন্ডার কিনে এনে পরিবারের সদস্যদের জন্য রান্নার কাজ কোন রকমে সারছেন তিনি।

[ad id=”28371″]
শুধু নগরীর আসকার দীঘির পাড় নয়, হালিশহর, চকবাজার, বাকলিয়া, খুলশী, জামালখানসহ নগরীর বিভিন্ন আবাসিক এলাকায় কয়েকদিন ধরে চলছে তীব্র গ্যাস সংকট।
নগরীতে চাহিদা রয়েছে ৫০ কোটি ঘনফুট গ্যাসের। কিন্তু চাহিদার বিপরীতে সরবরাহ করা হচ্ছে ২০ থেকে ২৩ কোটি ঘনফুট গ্যাস। সংকটের কারণে সিএনজি স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত গ্যাস।
ইন্ট্রাকো সিএনজি’র ম্যানেজার মোহাম্মদ আব্দুর রহমান বলেন, ‘প্রতিদিন দশটা থেকে সাড়ে দশটার দিকে পুরো স্টেশন বন্ধ হয়ে যাচ্ছে। সকাল সাতটা থেকে সংকট শুরু হয়ে একটানা রাত ১২টা থেকে ১টা পর্যন্ত চলে।’
গ্যাস সংকটের বিষয়ে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ।
বাখরাবাদ ভেঙ্গে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি গঠিত হয়েছে, নতুন গ্যাসক্ষেত্রও আবিষ্কৃত হয়েছে। কিন্তু এখনো চট্টগ্রামের গ্যাসের সমস্যার সমাধান হয়নি।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ