মোবাইল ফোনে প্রতি কলড্রপে ১ মিনিট ক্ষতিপূরণ দিতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। দেশের সব মোবাইল অপারেটরকে এমন নির্দেশনা দিয়েছে বিটিআরসি।
বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে, কলড্রপের ক্ষতিপূরণ দিতে গত ১৯ জানুয়ারি ওই নির্দেশনা তারা পাঠিয়েছেন। ইদানীং মুঠোফোনে প্রয়োজনীয় কথোপকথন শেষ হওয়ার আগেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ কলড্রপ হয়। এখন থেকে এমন কলড্রপ হলে ক্ষতিপূরণ হিসেবে গ্রাহককে কল মিনিট ফেরত দিতে হবে।
অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) সাধারণ সম্পাদক নুরুল কবির বিটিআরসির নির্দেশনা পাওয়ার কথা জানিয়ে বলেন, ‘কীভাবে এটা বাস্তবায়ন করা যায় সে বিষয়ে অপারেটরদের সঙ্গে বিটিআরসির একটি বৈঠক আয়োজন করতে চিঠি পাঠিয়েছি।’ সরকারের দুই বছর পূর্তিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অর্জন নিয়ে গত ৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছিলেন, ‘কতোখানি কলড্রপ হলো, আর কতো মিনিট ফেরত দেয়া হলো বিটিআরসি যেন যথাযথভাবে মনিটরিং করে, সে বিষয়ে নির্দেশনাও দেয়া হবে।’
এর আগে দেশের মোবাইল অপারেটররা ২০১৪ সালে গ্রাহকদের জন্য পরীক্ষামূলকভাবে কলড্রপ সুবিধা চালু করে। ওই বছরের ২৯ সেপ্টেম্বর প্রথম কলড্রপ সুবিধা দেয়া শুরু করে বাংলালিংক। আর গ্রামীণফোন একই বছরের ১ অক্টোবর থেকে গ্রাহকদের এ সুবিধা দেয়া শুরু করে। তবে গত বছর পরীক্ষামূলকভাবে চালু করা এ সুবিধা বন্ধ করে দেয় মোবাইল অপারেটররা। পরীক্ষামূলক পদ্ধতিতে বাংলাদেশের মোবাইল অপারেটররা এক দিনে সর্বোচ্চ ৩০০ সেকেন্ড বা পাঁচ মিনিট ক্ষতিপূরণ দিয়েছিল।
বিটিআরসির নির্ধারিত মান অনুযায়ী, মুঠোফোন কোম্পানিগুলোর কলড্রপের হার ৩ শতাংশের কম হলে তা হবে মানসম্পন্ন সেবা। অর্থাৎ কোনো কোম্পানির প্রতি ১০০ কলে যদি তিনটির বেশি ড্রপ না হয় তাহলে তাদের সেবাকে মানসম্পন্ন ধরা হবে। আর আন্তর্জাতিক মান অনুযায়ী, কলড্রপ ২ শতাংশের মধ্যে থাকলে তা গ্রহণযোগ্য। প্রতিবেশী দেশ ভারতে এ হার ২ শতাংশ। বিটিআরসিতে অপারেটরদের জমা দেয়া প্রতিবেদন অনুযায়ী, তিন শীর্ষ অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক ও রবির কলড্রপের হার ১ শতাংশেরও কম, যা বিটিআরসির নির্ধারিত মানের মধ্যেই রয়েছে।
ভারতেও ২০১৫ সাল থেকে কলড্রপে ক্ষতিপূরণ সুবিধা চালু করা হয়েছে। দেশটিতে এক দিনে সর্বোচ্চ তিনবার করে মোট তিন মিনিট ক্ষতিপূরণ হিসেবে গ্রাহকদের দেয়া হচ্ছে।























