তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উদ্দেশ্য করে কটূক্তি এবং রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির অভিযোগপত্র আমলে নিয়ে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে ঢাকা মূখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মতিঝিল অঞ্চলের গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জুয়েল রানা।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর তারেক রহমান লন্ডনের বেতনাম গ্রিনইয়র্ক হলে এক আলোচনা সভায় বঙ্গবন্ধুকে কটূক্তি করে বক্তব্য দেন। এছাড়া তারেক রহমান ইতিহাস বিকৃতি করে স্বাধীনতা সংগ্রাম ও বঙ্গবন্ধুর ভূমিকাকে অস্বীকার এবং বাংলাদেশ রাষ্ট্রকে অস্বীকার করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ ঘটনার পর ওই বছরের ১৯ অক্টোবর ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এডভোকেট মশিউর মালেক।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ