ডবলমুরিং এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ি গ্রেপ্তার

অবশেষে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে দক্ষিণ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ি রিদুয়ানুল হক সুমন (৩০)। সুমন দুইটি হত্যাসহ পাচঁ মামলার আসামী বলে দাবি করেছে পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।

মঙ্গলবার রাতে নগরীর ডবলমুরিং থানার রশীদ বিল্ডিং এলাকা থেকে সিআইডি পুলিশ তাকে গ্রেফতার করে। সুমন সাতকানিয়ার পশ্চিম ঢেমশা আলী নগরের হারুনুর রশীদের ছেলে।

সুমনকে বুধবার আদালতে হাজির করে ৫দিনের রিমান্ডের আবেদন করা হবে বলে জানান সিআইডির পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম।

জাহাঙ্গীর আলম বলেন, ‘চলতি বছরের ৩ জানুয়ারী সাতকানিয়ার গাটিয়াডাঙ্গায় (সুমনের শশুরবাড়ি এলাকা) সুমনের নেতৃত্বে সন্ত্রাসীরা গোলতাজ বেগম (৩২) নামে এক নিরীহ মহিলাকে গুলি করে হত্যা করে। জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকান্ডের আগের দিন রাতে সন্ত্রাসীরা মহিলার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল। এঘটনায় দুই সন্ত্রাসী গ্রেফতারের পর তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে অস্ত্রের যোগানদাতা এবং হুকুমদাতা হিসেবে যুবলীগ নেতা সুমনের নাম প্রকাশ করে।’

স্থানীয় সুত্রে জানা যায়, এর আগে সুমনের নেতৃত্বে সন্ত্রাসীরা নগরীর আল-জাহান বোডিং এ আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামকে হত্যা করে। সুমনের বিরুদ্ধে সাতকানিয়া থানায় দুটি হত্যাসহ ৫টি মামলা এবং অসংখ্য জিডি রয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ