যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে একটি ছোট ব্যবসায়িক বিমান দু’টি বাড়ির ওপর আঘাত হেনে বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ঘটা ওই দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছেন।
ওহিও স্টেট হাইওয়ে নিরাপত্তা রক্ষাকারী বিভাগ জানিয়েছে, জেটটির পাইলট ও কো-পাইলটসহ বেশ কয়েক যাত্রী নিহত হয়েছেন।
স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ঘটনায় নয়জন নিহত হয়েছেন।
হাইওয়ে নিরাপত্তা বিভাগের মুখপাত্র লেফটেন্যান্ট বিল হেইমেকার জানান, বিমানটি ১০ যাত্রী বহন করতে সক্ষম। এটি খণ্ড হওয়ার আগেই পুড়ে যায়।
তিনি আরও জানান, স্থানীয় সময় বিকেল ৩টার দিকে বিমানটি একটি বাড়িতে আঘাত করলে তাতে আগুন ধরে যায়। এরপর তা একটি বাঁধ ও অপর একটি বাড়িতে আঘাত হানে।
তিনি জানান, বিমানটি বাড়ি দুটোতে আঘাত হানার সময় সেখানে কোনো বাসিন্দা ছিলেন না। এ কারণে বিমানের যাত্রী ছাড়া অন্য কোনো ব্যক্তি হতাহত হননি।
আক্রন ফুলটন বিমানবন্দর থেকে হকার এইচ-২৫ বিমানটি উড্ডয়ন করে। এ দুর্ঘটনার তদন্ত করছে দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।
























