রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন বলে মন্তব্য করেছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের সম্ভাব্য প্রতিপক্ষ ডেমোক্রেটিক দলের মনোনয়নপ্রত্যাশী হিলারি ক্লিনটন।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে হিলারি এ মন্তব্য করেন।
হিলারির মতে, পররাষ্ট্রনীতির জটিল বিষয়গুলো মোকাবিলা করা কতটা কঠিন, তা জানেন তিনি। ট্রাম্পের যে মতিগতি, তাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা তাঁর নেই। হিলারির এই তির্যক মন্তব্যের জবাব দিয়েছেন ট্রাম্প। গতকাল তিনি তাঁর ওয়েবসাইটে বলেন, হিলারির বিচার বিবেচনা খারাপ। যুক্তরাষ্ট্রের ইতিহাসের এই নাজুক ও কঠিন সময়ে তাঁর প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই।
দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী তাঁর সাক্ষাৎকারে পররাষ্ট্রনীতির জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় ট্রাম্পের সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন।ট্রাম্পের বিভিন্ন দায়িত্বহীন, অসংযত ও বিপজ্জনক মন্তব্যের নিন্দা করেন হিলারি।
























