জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের ( বিজিবি) গুলিতে রফিকুল ইসলাম (৩৪) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত রফিকুল মহেশপুর উপজেলার মাটিলা গ্রামের আব্দুল মালেকের ছেলে। এ ঘটনায় সেখানে চরম উত্তেজনা বিরাজ করছে।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে সাত টার দিকে সীমান্তপথে ভারত থেকে চোরাই গরু আনার সময় স্থানীয় গরু ব্যবসায়ীদের বাধা দেয় বিজিবি। এতে ক্ষিপ্ত হয়ে গরু ব্যবসায়ীরা গ্রামবাসীদের নিয়ে বিজিবির উপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি তিন থেকে পাঁচ রাউন্ড গুলি ছুড়ে। এতে রফিকুল ইসলাম নামে এক গরু ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম শাহিন খবরের সত্যতা নিশ্চত করে জানান, গুলিতে আমরা এক জনের মৃত্যুর খবর পেয়েছি। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জলুলী সীমান্তে সীমান্তে গোলাগুলি হয়েছে বলে তিনি জানান।
যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি কাজ করছে বলে তিনি জানান।






















