জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার খড়িবাড়িয়া গ্রামে ডাকাতি করে পালানোর সময় স্বর্ণালংকার, নগদ টাকা ও ধারালো অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৩টার দিকে তাদের আটক করা হয়। আটককৃত ডাকাতসদস্যরা হলো- শুভ, নাহিগ, সুমন ফকির ও সুমন। তাদের বাড়ি শৈলকুপা উপজেলার বিভিন্ন গ্রামে।
শৈলকুপা থানার সেকেন্ড অফিসার ইকবাল হোসেন জানান, বুধবার রাতে উপজেলার খড়িবাড়িয়া গ্রামে নিমাই চন্দ্রের বাড়িতে একদল ডাকাত প্রবেশ করে বাড়ির সকলকে অস্ত্রের মুখে নগদ ১ লাখ ২০ হাজার টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন লুট করে পালানোর চেষ্টা করে। এ সময় গ্রামবাসী ডাকাতদের ধাওয়া করলে পাশ্ববর্তী ষষ্ঠী রানী নামের এক মহিলার বাড়িতে তারা আশ্রয় নেয়। এর পর গ্রামবাসী বাড়িটি ঘিরে ফেলে ভোরে ৪ ডাকাতকে আটক করে। বাকি ডাকাতরা পালিয়ে যায়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় চার জনের কাছ থেকে নগদ ৬৪ হাজার টাকা, ৩টি কানের দুল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে শৈলকুপা থানায় ডাকাতির অভিযোগ রয়েছে।
























