রাজধানীর কলাবাগানে মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার জুলহাজ মান্নান ও তার বন্ধু নাট্যকর্মী মাহবুব তনয় হত্যার অভিযোগে শরীফুল ইসলাম ওরফে শিহাব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি জঙ্গি দলের সদস্য কিনা এ বিষয়টি এখনো নিশ্চিত করা যায় নি। তবে ঢাকা মেট্র্রোপলিটন পুলিশের মিডিয়া শাখার উপকশিনার মারুফ হোসেন সরদার জানান, গভীর রাতে তদন্তের ভিত্তিতে শিহাবকে গ্রেফতার কারা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল কলাবাগানের একটি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে ৫/৬জন যুবক কুরিয়ার সার্ভিসের কর্মী পরিচয় দিয়ে প্রবেশ করে। পরে তারা জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় জুলহাজ মান্নানের বড় ভাই মিনহাজ মান্নান বাদী হয়ে কলাবাগান থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তদন্ত করছে।
























