“জার্মানিতে আশ্রিত অতিরিক্ত শরণার্থী গ্রহণে ইউরোপের প্রতি আহবান”

জার্মানিতে প্রবেশ করা দশ লাখেরও বেশি শরণার্থীকে গ্রহণে ইউরোপের অন্য দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোয়াকিম গাউক। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ৪ দিনব্যাপী আলোচনার প্রথম দিনে, শরণার্থীদেরকে বোঝা না ভেবে শ্রমশক্তিতে রূপান্তরের আহ্বান জানিয়েছেন জর্ডানের রানী।

এদিকে, ফ্রান্সের ক্যালেতে শরণার্থীদের সরে যাওয়ার ঘোষণা দিয়ে একটি শিবিরের কিছু অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও, সীমান্তে আবারও কড়াকড়ি আরোপ করেছে সার্বিয়া ও মেসিডোনিয়া।

ফ্রান্সের বন্দরনগরী ক্যালেতে ‘দ্য জঙ্গল’ নামের শিবিরটিতে প্রায় এক বছর ধরে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা থেকে আসা কয়েক হাজার শরণার্থীর বাস। কিন্তু গত মঙ্গলবার তাদের এখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়ে পরদিন এর কিছু অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয় কর্তৃপক্ষ। এ অবস্থায় নতুন আশ্রয় খুঁজছেন শরণার্থীরা।

এদিকে, রাশিয়ান সীমান্ত দিয়ে তীব্র শীত উপেক্ষা করে ফিনল্যান্ডে প্রবেশ করছেন অভিবাসীরা। বুধবার গাড়িতে করে তুষার ঢাকা পথ পাড়ি দিয়ে সালা সীমান্ত দিয়ে অভিবাসীদের দেশটিতে প্রবেশ করতে দেখা যায়। অন্যদিকে, সীমান্তে কড়াকড়ি আরোপের পাশাপাশি শুধু জার্মানি ও অস্ট্রিয়াগামী শরণার্থীদের প্রবেশ করতে দেয়ার ঘোষণা দিয়েছে সার্বিয়া। মেসিডোনিয়াও শরণার্থীদের ঠেকাতে গ্রিসের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে।

শরণার্থী ও অভিবাসীদের এমন ঘোলাটে পরিস্থিতির মধ্যেই বুধবার সুইজারল্যান্ডের দাভোসে শুরু হয়েছে ৪ দিনব্যাপী ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সম্মেলন। প্রথম দিনের প্যানেল আলোচনায় জর্ডানের রানি ‘রানিয়া আল আব্দুল্লাহ’ শরণার্থীদের বোঝা না ভেবে দক্ষ শ্রমশক্তিতে রূপান্তরের আহ্বান জানান।

জর্ডানের রানি রানিয়া আল আব্দুল্লাহ বলেন, ‘শরণার্থীদের কর্মদক্ষ হিসেবে গড়ে তুলতে পারলে আশ্রয়দাতা দেশটির খরচ যেমন কমে আসবে, তেমনি পরে তারা নিজ দেশে ফিরে গিয়েও যথেষ্ট উপার্জন করতে পারবেন। এর ফলে আমরা যুদ্ধ পরবর্তী একটি সমৃদ্ধ অর্থনীতি পেতে পারি। আমরা জর্ডানে সিরীয় শরণার্থীদের নিয়ে এমন উদ্যোগ গ্রহণ করেছি। এতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন।’

আর এ ব্যাপারে একমত পোষণ করেন আন্তর্জাতিক রেডক্রস কমিটির প্রেসিডেন্ট পিটার মৌরার।

এদিকে, সম্মেলনে দেয়া ভাষণে জার্মানিতে প্রবেশ করা দশ লাখেরও বেশি শরণার্থীর ভার দেশটি একা বইতে পারবে না উল্লেখ করে জার্মান প্রেসিডেন্ট ‘জোয়াকিম গাউক’ ইউরোপের অন্য দেশগুলোকে শরণার্থী গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘ইউরোপের অনেক দেশ এরইমধ্যে শরণার্থীদের আশ্রয় দেয়ার ব্যাপারে মুখ ফিরিয়ে নিয়েছে। এমনটি হলে ইউরোপে ভিনদেশি মানুষের প্রতি ঘৃণা ও বিদ্বেষ আরও বাড়বে। নানা প্রতিকূলতার মধ্যেও আমরা যত বেশি সম্ভব শরণার্থীদের আশ্রয় দেয়ার চেষ্টা করছি। তবে, জার্মানির একার পক্ষে এ ভার বহন করা সত্যি-ই দুঃসাধ্য।’

এছাড়া, ইউরোপীয় ইউনিয়ন শরণার্থী সমস্যা সমাধানে যথাযথ উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ করেছেন সার্বিয়ার প্রধানমন্ত্রী আলেক্সান্ডার ভুটিচ।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ