শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বাংলাদেশ সরকার সব ধরনের সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবিলায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
শিক্ষামন্ত্রী ও ইউনেস্কো’র ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম নাহিদ গতরাতে প্যারিসে ইউনেস্কো সদরদপ্তরে আয়োজিত ইউনেস্কো লিডার্স ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে বক্তৃতায় একথা বলেন।
জাতিসংঘ সংস্থাটির ৭০ বছর পূর্তিতে আয়োজিত এ অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ এর ভাষণের পরপরই বাংলাদেশের শিক্ষামন্ত্রী বক্তব্য রাখেন।
শিক্ষামন্ত্রী তাঁর বক্তৃতায় প্যারিসে গত সপ্তাহে ঘৃণ্য হামলায় বহু নিরপরাধ ব্যক্তি নিহত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফরাসি সরকার ও জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বলেন, আমরা এ হত্যাকান্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।
তিনি বলেন, সন্ত্রাসীদের সন্ত্রাসী হিসেবে বিবেচনা করতে হবে। সন্ত্রাসীদের কোন ধর্ম, বর্ণ ও গোত্র নেই। সন্ত্রাসী ও জঙ্গিরা কোনো দেশের সীমারেখায় সীমাবদ্ধ থাকে না উল্লেখ করে নাহিদ বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ সকল দেশের সাথে একযোগে কাজ করতে প্রস্তুত। শিক্ষামন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় ইউনেস্কোর ভূমিকা বিশেষভাবে উল্লেখ করে বলেন, উগ্রজঙ্গিদের সঙ্গ থেকে দূরে রাখতে যুবসমাজকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।




















