সফররত নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা বাংলাদেশের চলমান আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করে ২০২১ সালের মধ্যে শতভাগ আর্থিক অন্তর্ভুক্তি অর্জনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
তিনি মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক সফরে এসে ‘জাতীয আর্থিক অন্তর্ভুক্তি কৌশল’ শীর্ষক এক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন।
কেন্দ্রিয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সেমিনারে প্রধানমন্ত্রীর জ্বালানী বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে তিনি গভর্নরের সঙ্গে একান্ত ও একটি দ্বিপাক্ষিক বৈঠক করেন।
রানি ম্যাক্সিমা কার্যকর আর্থিক অন্তর্ভুক্তিকরণের একটি স্বচ্ছ ও সময় নির্ধারণমূলক কৌশলগত পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন,‘আর্থিক অন্তর্ভুক্তির কোনো শেষ নেই, বরং এটি কোনো লক্ষ্য অর্জনের কার্যকর মাধ্যম হিসেবে গণ্য।’ এজন্য সরকারি-বেসরকারি সংস্থাগুলোর একযোগে কাজ করা উচিৎ। আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করা দরকার এবং সাধারণ গ্রাহকই হলো আমাদের এই ভবিষ্যৎ।’
রানি ম্যাক্সিমা গ্রাহকবান্ধব অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন ভাবনার ওপর জোর দেন।তিনি ২০২১ সালের মধ্যে বাংলাদেশের শতভাগ আর্থিক অন্তর্ভুক্তি অর্জনের সক্ষমতার ওপর আশাবাদ ব্যক্ত করেন। এজন্য তিনি কৃষি, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) এবং নারী উদ্যোক্তাদের উন্নয়নে আরো সমন্বিত প্রচেষ্টার গ্রহণের আহ্বান জানান।
রানির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের মাননীয় রাষ্ট্রদূত মিস্ কিউলিন্যায়ারসহ বিশ্বব্যাংক এবং সিজিএপি ও বিল গেটস ফাউন্ডেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





















